শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ২২তম জন্মদিন পালন করছেন ফয়সাল আহমেদ ফাহিম। নিজের জন্মদিনে পণ করে মাঠে নেমেছিলেন-একাদশে সুযোগ পেলে গোল করবেন, দলকে জেতাবেন। ভাগ্য সুপ্রসন্ন হলা তার। এফসি উত্তরার বিপক্ষে মাঠে নেমেই হ্যাটট্রিক করলেন আবাহনীর এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগের এই ম্যাচে আবাহনী লিমিটেড জিতেছে ৭ গোলে। ফাহিম ছাড়াও এলিটা কিংসলে হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দিয়েছেন। প্রিমিয়ার লিগে প্রথমবার এক ম্যাচে তিন গোল করে উচ্ছ্বসিত ফাহিম।
ময়মনসিংহের মাঠে ম্যাচের পর চারদিক থেকে প্রশংসাসূচক বার্তা পাচ্ছেন। অথচ একাদশে নিয়মিত নন এই ফুটবলার। আজ নিয়ে মাত্র দুইবার খেলার সুযোগ পেলেন। সাধারণত উইংয়ে তার জায়গায় ২০১৮ বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস একাদশে অটোমেটিক চয়েস হয়ে খেলে থাকেন।
হ্যাটট্রিকের পর ফাহিমকে ফোনে পাওয়া গেলো। বাসে করে ঢাকায় আসতে আসতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ আমার ২২তম জন্মদিন। বিশেষ দিনে ক্লাব আমাকে শুরু থেকে খেলার সুযোগ দিয়েছিল। মাঠে নামার আগে বিশেষ কিছু করার লক্ষ্য ছিল। এ দিনটিতে যিনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, হ্যাটট্রিকটা আমার মাকে উৎসর্গ করছি।‘
গত লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে লিগে ৬ গোল করেছিলেন ফাহিম। গোল করাতেও কম অবদান রাখেননি, ১০টিতে রেখেছেন সহায়ক ভূমিকা। এছাড়া ২০২১ সালে শ্রীলঙ্কাতে চার জাতি টুর্নামেন্টে প্রথম লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন। সিলেটে তিন জাতির টুর্নামেন্টে আবারও জাতীয় দলের জার্সি গায়ে খেলার অপেক্ষায় ফাহিম। বলেন,‘ আবাহনীতে টিম কম্বিনেশনের কারণেই হয়তো নিয়মিত খেলার সুযোগ পাচ্ছি না। আমার জায়গায় কলিনদ্রেস খেলে থাকে। যতটুকু খেলেছি বদলি হিসেবে ৫ বা ১০ মিনিটের জন্য। আজকের এই পারফরম্যান্স আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে। যদি জাতীয় দলে সুযোগ পাই, চেষ্টা করবো এই ফর্মটাকে ধরে রাখার।‘
এদিকে, প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আবাহনী পিছিয়ে পড়েছে। বসুন্ধরার সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান। তবে ফাহিম এখনও সুযোগ দেখছেন, ‘যদি ফিরতি পর্বে বসুন্ধরা পয়েন্ট হারায় আর আমরা সব ম্যাচ জিততে পারি তাহলে সুযোগ থাকবে। সামনে আমরা আরও শক্তিশালী হয়ে মাঠে নামবো।’








