হারের পর এমনিতেই মন ভালো ছিল না খেলোয়াড়দের। তার ওপর আবার টিম বাস লক্ষ্য করে ইটও ছুড়লো কোনও এক দুর্বৃত্ত। প্রতিপক্ষ লিভারপুলকে এমন অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে দেখে ক্ষোভ ঝারতে কুণ্ঠাবোধ করেনি ম্যানচেস্টার সিটি। তদন্তে গ্রেটার ম্যানচেস্টার পুলিশকে (জিএমপি) সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলে হেরে যায় লিভারপুল। দলের কোচ ইয়ুর্গেন ক্লপ মাঠ ছেড়ে টিম বাসে ওঠার পরই কোনও একজন ইট ছুড়ে মারে। ভেঙে যায় জানালা। অবশ্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাস সময়মতো নিরাপদে গন্তব্যে রওনা হয়েছে।
সিটি এই ঘটনায় আনুষ্ঠানিক এক বিবৃতি দেয়, ‘আবাসিক এলাকায় কোচের দিকে কোনও একটি বস্তু ছোড়া হয়েছিল, এই ধরনের ঘটনা একেবারে অগ্রহণযোগ্য এবং আমরা দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি কামনা করে তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তে আমরা সর্বাত্মক উপায়ে সহযোগিতা করবো।’
এর আগে ম্যাচের বিরতিতে স্বাগতিক দর্শকরা রেডদের বিরুদ্ধে বিদ্বেষমূলক স্লোগান দেয়। তাদের বিরুদ্ধেও নিন্দা জানায় সিটিজেনরা।









