শিরোপা জিততে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে তারা। সিটির জয়ের দিনে গোলের হাফসেঞ্চুরিও পূরণ করেছেন আর্লিং হাল্যান্ড।
তৃতীয় মিনিটে পেনাল্টিতে প্রথম গোলটি করে ইংল্যান্ডের শীর্ষ লিগ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক পূরণ করেছেন হাল্যান্ড। আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। তাতে ১৯৩১ সালে অ্যাস্টন ভিলার হয়ে টম ওয়ারিংয়ের গড়া পঞ্চাশ গোলের কীর্তির পর সব প্রতিযোগিতা মিলিয়ে হাল্যান্ডও একই কীর্তি ছুঁয়েছেন এতদিন পর। পাশাপাশি প্রিমিয়ার লিগে এক মৌসুমে অ্যান্ডি কোল ও অ্যালেন শিয়ারারের গড়া সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ডও ছুঁয়েছেন তিনি।
হাল্যান্ডের মাইলফলকের পর অবশ্য সিটিকে স্তব্ধ করে দিয়েছিল ফুলহ্যাম। কার্লোস ভিনিসিয়ুসের গোলে স্কোর লাইন দাঁড়ায় ১-১। তাতেও সিটিকে রুখে দেওয়া যায়নি। ৩৬ মিনিটে আলভারেজের দুর্দান্ত গোলে স্কোর হয়ে যায় ২-১।
এই জয়ে এক পয়েন্টে এগিয়ে আর্সেনালকে টপকে শীর্ষে উঠে গেছে সিটি। তাছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর এই প্রথম গানারদের পেছনে ফেলে শীর্ষে উঠেছে তারা।
সিটির জয়ের দিনে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে তাদের ১০ ম্যাচের অপরাজেয় থাকার রেকর্ডে ছেদ টেনে দিয়েছে রেড ডেভিলরা। ৩৯ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেস। যা তার শততম ক্যারিয়ার গোল।
তিন পয়েন্ট পাওয়ায় নিজেদের শীর্ষ চারে সুবিধাজনক অবস্থায় রাখতে পেরেছে ম্যানইউ। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তারা চারে অবস্থান করছে। ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে এক ম্যাচ বেশি খেলা টটেনহাম।









