পেপ গার্দিওলায় বদলে যাওয়া ম্যানচেস্টার সিটি একমাত্র আক্ষেপ ঘুচানোর অপেক্ষায়। শনিবার তারা ইস্তানবুলে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে। জিতলেই ২০০৯ সালে ট্রেবল জয়ী ম্যানইউর পাশে বসবে তারা। এমন অর্জনের সামনে থাকা গার্দিওলাকে সর্বকালের সেরা দুই বা তিন কোচের একজন বললেন তার সাবেক সতীর্থ কার্লোস পুয়োল।
বার্সেলোনায় গার্দিওলার পাশে খেলেছেন পুয়োল। কয়েক বছর পর তার কোচিংয়ে দলের অধিনায়কও হন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার। জেতেন ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ।
লরিয়াস স্পিরিট অব স্পোর্টকে পুয়োল বলেন, ‘আমি পেপের সঙ্গে ছিলাম দুই বছর (সতীর্থ হিসেবে) এবং সত্যি কথা বলতে সব দিক থেকে তার নেতৃত্বের গুন আপনারা হয়তো দেখে ফেলেছেন। সে যেভাবে কথা বলে, ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা এবং একজন কোচ হিসেবে আপনারা সেটা খেয়াল করেছেন। সবার সেরা না হলেও আমার কাছে সে সর্বকালের সেরা দুই বা তিন কোচের একজন।’
২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দিয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন গার্দিওলা। সবশেষ ক্লাবের হয়ে ১১তম ট্রফি জেতেন এফএ কাপে। পুয়োলের মতে, সিটিজেনদের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণও বেশ গোছালো।
স্পেনের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার বললেন, ‘কী অসাধারণ আক্রমণভাগ। রক্ষণভাগ নিয়েও প্রতিপক্ষকে সতর্ক থাকতে হয়। পেপের দল কীভাবে খেলে, সেদিকেই চোখ অনেকের। কিন্তু আমি মনে করি তাদের রক্ষণের ধরনই পার্থক্য গড়ে দেয়। বল হারানোর পর তারা যেভাবে পাল্টা জবাব দেয়।’
৫২ গোল করা আর্লিং হাল্যান্ড ইন্টারের ডিফেন্ডারদের ঘুম হারাম করবেন বলে পুয়োল মনে করেন, ‘আমি মনে করি সে একজন পরিপূর্ণ খেলোয়াড়, যে একটি যুগের সৃষ্টি করবে। বক্সের মধ্যে সে ভয়ঙ্কর, সে লম্বা, আমি তাকে ভালোবাসি। তাকে মার্ক করা সত্যিই কঠিন এবং তাকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে, আর দল হিসেবে কাজ করতে হবে।’









