যেভাবে সংবাদ মাধ্যমে খবর এসেছিল তাতে মনে হচ্ছিল ব্রাজিলে কোচ হওয়াটা পুরোপুরি নিশ্চিত কার্লো আনচেলত্তির। কিন্তু নাটকীয়ভাবে ৬৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্তের পেছনে অবশ্যই কারণ আছে ইতালিয়ান এই কোচের। কিন্তু সব কিছু ছাপিয়ে তিনি অনুভূতি প্রকাশ করে বলেছেন, এমন সিদ্ধান্তে ভীষণ আনন্দিত তিনি।
গত জুলাইয়ে খবর প্রকাশিত হয় ব্রাজিল ফুটবল দলে ৬০ বছরের মধ্যে প্রথম বিদেশি কোচ হতে চলেছেন আনচেলত্তি। তার সর্বশেষ অবস্থানটা এখন সবারই জানা। লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সবাই জানতো আমার সঙ্গে ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের খুব ভালো যোগাযোগ ছিল। আমার প্রতি তিনি যে শ্রদ্ধা ও আগ্রহ দেখিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই।’
রিয়ালে চুক্তি নবায়নের কারণ সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে এই ক্লাব আমার কাজে আস্থা রাখতে চায়। আমার মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। এখন ক্লাব এই মেয়াদটা এখনই বাড়াতে চেয়েছে। কারণ তারা আমার কাজে ভীষণ সন্তুষ্ট।
চুক্তির মেয়াদ বাড়াতে ভীষণ উচ্ছ্বসিত রিয়াল কোচ। তার ভাষায়, ‘চুক্তি নবায়ন করতে পেরে ভীষণ আনন্দিত আমি। এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে দুই পক্ষই একমত ছিল।’
কোচিং ক্যারিয়ারে চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আনচেলত্তি। দুবার এসি মিলানে আর দুবার রিয়াল মাদ্রিদে। আনচেলত্তি জানিয়েছেন, নতুন চুক্তির পরও এই ক্লাবে দায়িত্ব পালন করতে চান তিনি, ‘২০২৬ সালে নির্ভর করছে আমার পারফরম্যান্সের ওপর। আমি ২০২৭, ২০২৮ সালেও সেখানে থাকতে চাই। কারণ আমার এখানেই থাকার ইচ্ছা।’








