কাতার বিশ্বকাপের রানার্স আপ তারা। সাম্প্রতিক সময়ে ফুটবলের পরাশক্তিদের অন্যতমও। সেই ফ্রান্সকেই ইউরোর চলতি টুর্নামেন্টে স্বরূপে দেখা যায়নি। মন ভরাতে পারেনি তাদের পারফরম্যান্স। পুরো টুর্নামেন্টে ওপেন প্লে থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় তাদের নিয়ে সমালোচনা চলছে। অনেকের চোখেই মনে হচ্ছে, শৈল্পিক ফুটবলের জায়গায় বিরক্তির জন্ম দিচ্ছে ফ্রান্স। দলটির কোচ দিদিয়ের দেশম কিন্তু এমন মন্তব্য মোটেও নিতে পারেননি। এক সাংবাদিকের করা প্রশ্নে সোজাসাপ্টা বলেছেন, ‘বিরক্ত হলে অন্য ম্যাচ দেখুন।’
ফরাসি ফুটবল সেই সৌরভ ছড়াতে পারছে না বলেই এত আলোচনা। শেষ চারের মতো মঞ্চে পৌঁছালেও ফ্রান্সের কোনও খেলোয়াড়ই ওপেন প্লে থেকে গোল পাননি। তিনটি গোলের দুটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে। একমাত্র পেনাল্টি থেকে একটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। সাবেক প্রিমিয়ার লিগ স্ট্রাইকার ক্রিস সুটন বলেছেন, তার বাড়ির পেছনের আঙিনায় দলটিকে খেলতে দেখলে পর্দা নামিয়ে ফেলবেন তিনি!
স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে ফরাসি কোচের সামনে ‘বিরক্তির ফুটবল’ নিয়ে প্রশ্ন করতেই দেশম বলেছেন, ‘আপনি বিরক্ত হলে অন্য ম্যাচ দেখুন। আমাদের ম্যাচ না দেখলেও চলবে।’
দেশম স্বীকার করছেন অতীতের মতো হয়তো তার দল ঝলক দেখাতে পারছে না। তার পরেও ফরাসি জনগণকে আনন্দ দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য আছে তাদের, ‘হয়তো আমরা অতীতের মতো পারছি না। কিন্তু সেই স্ফুলিঙ্গটা আমাদের আছে। যার মাধ্যমে ফরাসি নারী, পুরুষদের আমরা আনন্দ দিতে পারি। বিশেষ করে দেশের চলমান এই কঠিন সময়ে।’
বিরক্তিকর ফুটবল প্রশ্নে অবশ্য একমত হননি স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে। তিনি মনে করেন, এই মঞ্চে ফলাফলই সব, ‘স্পেন অবশ্যই নজরকাড়া দল। এটা আমাদের ডিএনএতেই আছে। কিন্তু দিন শেষে জয়টাই মুখ্য।’








