চ্যাম্পিয়ন্স লিগে আসন্ন ম্যাচের আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সোমবার এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পুরো ৯০ মিনিটই খেলেছেন ভিনিসিয়ুস। অথচ ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি একবারও জানাননি ভিনিসিয়ুস চোটগ্রস্ত। কিন্তু লস ব্লাঙ্কোসরা বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার পর বাম হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে তার।
ভিনিসিয়ুসের চোট এই মুহূর্তে রিয়ালের জন্য বড় ধাক্কারই। ইএসপিএন বলছে, কমপক্ষে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন ব্রাজিলিয়ান তারকা।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।









