ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারানোর দোরগোড়ায় ছিল লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহ্যাম ফরেস্টের পর তাদেরকে রুখে দেওয়ার বেশ কাছে পৌঁছে গিয়েছিল ব্রেন্টফোর্ড। বদলি নামা ডারউইন নুনেজ বদলে দিলেন ম্যাচের চেহারা, তাও আবার একেবারে শেষ মুহূর্তে!
দুই ম্যাচের জয়খরা কাটালো লিভারপুল। নুনেজ একাই দুটি গোল করেছেন। ২-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে অলরেডরা সাত পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান সুসংহত করেছে।
২১ ম্যাচে ৫০ পয়েন্ট লিভারপুলের। সমান খেলে সাত পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আর্সেনাল (৪৩)। ২২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১১তম ব্রেন্টফোর্ড।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলই তাদের রক্ষণভাগ ব্যস্ত করে রেখেছিল। লিভারপুলের ৮টির বিপরীতে ব্রেন্টফোর্ড লক্ষ্যে শট নেয় ৬টি। লিভারপুল কিপার আলিসন বেকার সাত সেভে দলকে রক্ষা করেন। আর ছয়বার অতিথি দলের প্রচেষ্টা থামিয়েছে ব্রেন্টফোর্ড কিপার মার্ক ফ্লেকেন।
বিরতির আগে লুইস দিয়াজ ও কডি গাকপো ভালো সুযোগ নষ্ট করে। রায়ান গ্রাভেনবার্খের একটি শট ডাইভ দিয়ে কোনোরকমে ঠেকান। ডমিনিক সোবোসলাই বারের ওপর দিয়ে বল মারেন। এভাবেই অতিথিরা ব্রেন্টফোর্ডকে চাপে রেখেছিল।
কিন্তু দৃঢ়তার সঙ্গে রক্ষণভাগ সামলে পয়েন্ট আদায়ের প্রান্তে ছিল ব্রেন্টফোর্ড। নুনেজ তাদেরকে চমকে দেন। ৯১তম মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে খুব কাছ থেকে গোলমুখ খোলেন নুনেজ। দুই মিনিট পর দ্বিতীয় গোল যোগ করেন তিনি। এনিয়ে ডাচ তারকা প্রিমিয়ার লিগে ছয়বার স্টপেজ টাইমে গোল করলেন।









