রিয়াল মাদ্রিদে ৯ নম্বর জার্সি একটি সংখ্যার চেয়েও বড় কিছু। এই জার্সি উঠেছে কিংবদন্তিদের গায়ে। এবার ঐতিহ্যবাহী এই জার্সি পরবেন সম্ভাবনাময়ী ব্রাজিলিয়ান কিশোর এন্দ্রিক।
আগের মৌসুমে কিলিয়ান এমবাপ্পে রিয়ালে অভিষেকেই ৯ নম্বর জার্সি পান। এই মৌসুমে লুকা মদরিচ চলে যাওয়ায় তার ১০ নম্বর জার্সি পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। তারপর থেকে গুঞ্জন ওঠে, ৯ নম্বর জার্সি উঠছে কার গায়ে? এই দৌড়ে এন্দ্রিকের সঙ্গে ছিলেন গত ক্লাব বিশ্বকাপের শীর্ষ গোলদাতা গনসালো গার্সিয়া। সম্প্রতি তার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিও করে মাদ্রিদ ক্লাব। অন্যদিকে এন্দ্রিককে ধারে অন্য ক্লাবে পাঠানোর গুঞ্জন শোনা যাচ্ছিল।
নতুন কোচ জাবি আলোনসো চমক দেখালেন। ২০২২ সালে পালমেইরাস থেকে মাত্র ১৬ বছর বয়সে চুক্তি করা এন্দ্রিককে দিলেন এই সম্মানজনক জার্সি। গত বছর সিনিয়র দলে নাম লিখিয়ে ৩৭ ম্যাচে ৮৪৭ মিনিট খেলেন, গোল সাতটি। এর মধ্যে পাঁচটি কোপা দেল রের ম্যাচে।
নিজেদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে রিয়াল আনুষ্ঠানিকভাবে এন্দ্রিককে নতুন ৯ নম্বর জার্সি দেওয়ার কথা জানায়। তাতে নিশ্চিত হওয়া যাচ্ছে, ধারে কোথাও তাকে পাঠানো দূরের কথা, নতুন মৌসুমে আরও বেশি খেলার সুযোগ পাবেন তিনি।
ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদোর পথে হাঁটছেন এন্দ্রিক। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালের ৯ নম্বর জার্সিতে খেলেছিলেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। দীর্ঘ ১৮ বছর পর আরেক ব্রাজিলিয়ানের গায়ে শোভা পাবে এই জার্সি। এখন দেখার অপেক্ষা রোনালদো, করিম বেনজেমাদের মতো ভার সয়ে এন্দ্রিক নিজেকে প্রমাণ করতে পারেন কি না।








