সাফ জিতে আসার পর মেয়েদের জন্য দেড় কোটি টাকার বোনাস ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেই বোনাস এখনও দিতে পারেনি। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে সেরা হয়ে মূল পর্বে যাওয়া সাগরিকারাও পাননি আর্থিক পুরস্কার। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে মেয়েদের প্রাপ্ত বোনাস দেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি মিলেছে।
ঢাকার একটি রিসোর্টে হওয়া সভা শেষে সদস্য আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমাদের যে প্রতিশ্রুতিগুলো তাদের সঙ্গে রয়েছে আমরা শতভাগ পূরণ করবো। আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে এবং ভুটান থেকে তারা কিন্তু আরেকটা জায়গায় খেলতে গেছে। তারা যখন দেশে আসবে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা সাপেক্ষে অন্যান্য জায়গা থেকেও যে ধরণের পুরস্কার ঘোষণা করা হয়েছে, সব কিছু আমরা তাদের বুঝিয়ে দেবো ইনশাহআল্লাহ।’ সেটা কবে? এমন প্রশ্নে বাবুর উত্তর,‘আমাদের মিটিংয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং খুব সহসাই তাদেরকে এগুলো বুঝিয়ে দেবো।’
মেয়েদের নিয়ে নানান পরিকল্পনা করছে বাফুফে। বাবু বলেছেন, ‘আমাদের কোচ কিন্তু এখন দেশের বাইরে। কোচ ও আমাদের মেয়েরা যখন আসবে, তাদের নিয়ে আমাদের অনেক রকমের পরিকলপনা রয়েছে। অলরেডি আমাদের একটা প্রপোজাল আসছে। তা নিয়ে সভায় আলাপ আলোচনা হয়েছে। এ নিয়ে এখনই কথা বলতে চাচ্ছি না।’
দেশের বাইরে মেয়েদের জন্য দুটি প্র্যাকটিস ম্যাচও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। সেটা খুব সহসাই জানানো হবে। রেফারিজ কমিটি নিয়ে বাবু জানালেন, ‘আমাদের রেফারিজ কমিটি নিয়ে আলোচনা হয়েছে। একটা প্রাথমিক কমিটি করেছি, তিন-চার দিনের ভেতর জানতে পারবেন। বাফুফের একজন ভাইস প্রেসিডেন্ট এর চেয়ারম্যান।’
বাংলাদেশ-ভুটান, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের হিসেব নিকেষ এখনও জানানো হয়নি। তবে বাবুর আশ্বাস, ‘ভুটান আর সিঙ্গাপুর ম্যাচ দুটা আলাদা করার জন্য ৩০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর আয়-ব্যয়ের পুরোটাই সবাইকে জানানো হবে।’
এছাড়া সেপ্টেম্বরে ফুটসাল দল মালয়েশিয়াতে প্রস্ততি ম্যাচ খেলতে যাবে। অনূর্ধ্ব-১৭ ছেলেদের দল সাফ ছাড়াও এএফসির টুর্নামেন্ট খেলবে। পুরো দলটির পৃষ্ঠপোষকতা করছে বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।









