সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দুদিন ধরে বাংলাদেশ দল মালদ্বীপে। শিরোপা ধরে রাখার মিশনে মঙ্গলবার (২৪ মার্চ) মার্ক কক্সের দল মাঠে নামছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পৌনে ৫টায় শুরু হবে।
এবার সাত দলের লড়াইয়ে শিরোপা ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
ফরোয়ার্ড মোরশেদ আলী প্রথম ম্যাচে জিততে চান ‘আমাদের প্রস্তুতি ভালো। দলে কোনও চোট নেই। প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ম্যাচটা পাকিস্তানের সঙ্গে। সবার মধ্যে একটা জেদ কাজ করছে। অবশ্যই আমরা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান রয়েছে। পাশাপাশি ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজও আছেন। তাদের নিয়ে ইংলিশ কোচ মার্ক কক্স কেমন করে তা দেখার রয়েছে।
যদিও মালেতে পুরনো টার্ফে অনুশীলন করে ঘাসের মাঠ খেলবে বাংলাদেশ। এ নিয়ে টিম ম্যানেজমেন্ট অসন্তুষ্ট। তারপরও খেলোয়াড়রা একাট্টা। শিরোপা ধরে রাখতে হবে।
প্রথম ম্যাচের পর ২৮ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচের বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল যাবে সেমিফাইনালে। ৩ এপ্রিল ফাইনাল।









