ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেলের বিশ্বাস, মেক্সিকোর বিপক্ষে জয় পেলে আজতেকা স্টেডিয়ামের তিক্ত স্মৃতি ভুলে নতুন ইতিহাস লিখতে পারবে তার দল। শেষ ষোলোতে দুই দলের ম্যাচ মাঠে গড়াবে কাল সোমবার সকাল ৬টায়।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ৪০ বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটি আজও স্মরণীয় ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের জন্য।
এবার একই ভেন্যুতে শেষ ষোলোয় স্বাগতিকদের অন্যতম মেক্সিকোকে হারিয়ে ৬০ বছর পর প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় ইংল্যান্ড।
অন্যদিকে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য মেক্সিকোরও। তাই দেশটির জন্য এটি কয়েক দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ টুখেল বলেছেন, ‘স্টেডিয়ামে ঢুকেই উত্তেজনা আর আবেগটা অনুভব করা যায়। সঙ্গে সঙ্গেই মনে হয়েছে, আগামীকাল সত্যিকারের বিশ্বকাপের একটি ম্যাচ হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আগেই জানতাম এটি একটি ঐতিহাসিক ভেন্যু, একটি আইকনিক স্টেডিয়াম।’
তবে ইংল্যান্ড চার দশক আগের হারের প্রতিশোধ নেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামছে না বলে জানান জার্মান এই কোচ। তার মতে,‘সেই হার অবশ্যই কষ্টের, এখনও মনে ব্যথা জাগায়। কিন্তু আমরা এখানে প্রতিশোধ নিতে আসিনি।’
টুখেলের ভাষায়, ‘স্টেডিয়াম একই, কিন্তু প্রতিপক্ষ তো আর এক নয়। তাই প্রতিশোধের প্রশ্নই আসে না। আমরা এসেছি নিজেদের ইতিহাস লিখতে।’
মেক্সিকোর উচ্ছ্বসিত সমর্থকদের পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উচ্চতায় খেলার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে ইংল্যান্ডকে। সে কারণে স্বাভাবিক সময়ের এক দিন আগে, শুক্রবারই মেক্সিকো সিটিতে পৌঁছেছে টুখেলের দল।
তবে মেক্সিকোর শুরুটা নিয়ে সতর্ক ইংল্যান্ড কোচ। এখন পর্যন্ত বিশ্বকাপের চারটি ম্যাচই জিতেছে স্বাগতিকরা, একটিও গোল হজম করেনি। উচ্চতা প্রসঙ্গে টুখেল বলেছেন, ‘অনুশীলনের প্রথম কয়েক মিনিটেই খেলোয়াড়রা এর প্রভাব টের পেয়েছে। তবে সময় যত গড়িয়েছে, তারা ততই মানিয়ে নিতে পেরেছে।’
এদিকে টুখেল নিশ্চিত করেছেন, চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরার মতো অবস্থায় নেই রিস জেমস। ফলে ডান প্রান্তের রক্ষণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইংল্যান্ড কোচকে।
চেলসির এই ডিফেন্ডার হ্যামস্ট্রিং চোটে পড়ার পর তার বিকল্প হিসেবে বিশেষজ্ঞ কোনো রাইট-ব্যাক দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন টুখেল।








