২০২৬ বিশ্বকাপে ফিফা মাত্রাতিরিক্ত ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কেউ কেউ বলেছেন, ফিফা ফুটবলটাই বিক্রি করে দিয়েছে। এ অভিযোগের মধ্যে এবার বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রির তালিকায় উঠিয়েছে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।
সমালোচিত ফিফা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে ব্যবহৃত হতে যাওয়া ঘাস বিক্রি করছে, যার প্রতি টুকরোর দাম ধরা হয়েছে ৪৫০ ডলার (প্রায় ৫৫ হাজার টাকা)।
ফিফার অনলাইন স্টোরে বলা হয়েছে, মাঠের ঘাসের প্রতি টুকরোর পরিমাপ ১৭.৫ বাই ১৭.৫ বাই ১৭.৫। তবে এই সংখ্যাটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই পরিমাপের বিস্তারিত জানতে চেয়ে ইমেইল পাঠিয়েছে বার্তা সংস্থা এপি। তবে তাৎক্ষণিক এর কোনও জবাব দেয়নি ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।
ওয়েবসাইটে বলা হয়েছে, একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক ফ্রেমে ইউএসবি মেমেন্টোসহ স্থায়ীভাবে সংরক্ষিত ২০১৬ ফিফা বিশ্বকাপের মাঠের একটি আসল টুকরো সংগ্রহ করে ফুটবল ইতিহাসের অংশ হয়ে উঠুন। প্রতিটি টুকরোতে ফাইনাল ম্যাচের আইকনিক মাঠের আসল অংশ রয়েছে, যা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের স্মৃতি হিসেবে এটিকে একটি অনন্য ও আকর্ষণীয় সংগ্রাহক বস্তুতে পরিণত করেছে।
ফিফা জানিয়েছে, অ্যাক্রিলিক ইউএসবি-টিতে একটি প্রমাণীকরণ ফিল্ম রয়েছে, যা এটিকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক শো-পিস হিসেবে উপস্থাপন করে। চমৎকার স্পট ইউভি ডিটেইলিং যুক্ত একটি প্রিমিয়াম হিঞ্জড শোল্ডার বক্সে এটি সরবরাহ করা হচ্ছে। এই এক্সক্লুসিভ আইটেমটি সংগ্রাহক, সাধারণ অনুরাগী এবং ফুটবলপ্রেমী—সবার জন্যই তৈরি করা হয়েছে।
ফিফা মাঠের এই ঘাসের টুকরোগুলো ডেলিভারির জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ঠিকানাগুলোকে বেছে নিয়েছে।









