যেভাবে আর্জেন্টিনাকে আবার বিশ্বসেরা বানালেন স্ক্যালোনি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ২০:৫২আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২২:০৩

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির যখন আন্তর্জাতিক অভিষেক হয়, তখন লিওনেল স্ক্যালোনির বয়স ২৬ বছর। অভিষেকটা মেসির জন্য মোটেও সুখকর ছিল না, মাঠে নামার মাত্র ৪৫ সেকেন্ডের মাথায় হাঙ্গেরিয়ান ডিফেন্ডার ভিলমোস ভানজাককে কনুই দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তরুণ মেসিকে।

গ্রিক শব্দ ‘লিওন’ (সিংহ) থেকে আসা একই নামের এই দুই ফুটবলারের ক্যারিয়ারের পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। ইংল্যান্ড ও স্পেনে খেলে ইতালিতে অবসর নেওয়া স্ক্যালোনি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন ওয়েস্ট হ্যামের হয়ে এফএ কাপের ফাইনালে করা এক ভুলের জন্য। ২৬ বছর পর এফএ কাপ জেতার দ্বারপ্রান্তে থাকা ওয়েস্ট হ্যাম ম্যাচের শেষ মুহূর্তে রাইট-ব্যাক স্ক্যালোনির বল হাতছাড়া করার মাশুল গুনেছিল স্টিভেন জেরার্ডের গোলে। ম্যাচটি অতিরিক্ত সময় ও পেনাল্টিতে গড়ালে হেরে যায় ওয়েস্ট হ্যাম। এরপর স্ক্যালোনির চুক্তিও আর নবায়ন করা হয়নি।

ওয়েস্ট হ্যামের তৎকালীন ম্যানেজার অ্যালান পারডিউ পরে লিখেছিলেন, দুর্ভাগ্যবশত, ওটাই একমাত্র সময় যখন আমি স্ক্যালোনিকে শান্ত ও দক্ষ থাকতে দেখিনি। এর আগে ওর কোনও ভুলের কথা আমি মনেই করতে পারি না, তবে ওই ভুলটির বড় মূল্য দিতে হয়েছিল।

অন্যদিকে অন্য লিওনেল, অর্থাৎ মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠলেও ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর তার ক্যারিয়ার থমকে যায়। চারপাশের সমালোচনা ও জাতীয় দলের ব্যর্থতার তকমা নিয়ে মেসি তখন তীব্র মানসিক চাপে ছিলেন। ডিয়েগো ম্যারাডোনার রেখে যাওয়া আকাশচুম্বী উত্তরাধিকারের চাপ কতটা ছিল, তা নিয়ে পরে মেসি বলেছিলেন, ‘এটা খুব কঠিন ছিল, আমার ছেলে ইউটিউবে ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করেছিল, আর্জেন্টিনায় কেন সবাই আমাকে মেরে ফেলতে চায়!

অবসরের ঘোষণা দিয়েও পরে ফিরে আসা মেসিকে নিয়ে ২০১৮ সালে অনেক প্রত্যাশা থাকলেও হোর্হে সাম্পাওলির দলের ছন্নছাড়া অবস্থার কারণে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। মেসি আবারও আড়ালে চলে যান। আর সেই দলের সহকারী কোচ হিসেবে সবটা দেখছিলেন ৪০ বছর বয়সী লিওনেল স্ক্যালোনি।

২০১৮ সালের ব্যর্থতায় সাম্পাওলি বরখাস্ত হলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান কোনও বড় অভিজ্ঞতা না থাকা স্ক্যালোনি। তার প্রথম ও সবচেয়ে বড় কাজ ছিল মেসিকে দলে ফিরিয়ে এনে আন্তর্জাতিক ফুটবলের প্রতি তার ভালোবাসা আবার জাগিয়ে তোলা। স্ক্যালোনি নিজের সহকারী হিসেবে যুক্ত করেন মেসির শৈশবের আদর্শ পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলকে। তারা মেসিকে এক তরুণ ও ক্ষুধার্ত আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ পরিকল্পনা দেখান। বার্তাটি কাজে দেয়, মেসি ফিরে আসেন।

ম্যারাডোনা, টাটা মার্টিনো কিংবা সাম্পাওলি যা করতে পারেননি, স্ক্যালোনি তা করে দেখান। তিনি বুঝতে পেরেছিলেন, মেসির একক গতির ওপর নির্ভর না করে খেলাটিকে কিছুটা ধীরগতির করতে হবে, যাতে মেসি বলের নিয়ন্ত্রণ নিয়ে পুরো মাঠে নজর রাখতে পারেন। এই কৌশল দারুণভাবে সফল হয়। আর্জেন্টিনা এমন একটি দলে পরিণত হয়, যারা মেসিকে ঘিরে খেলত এবং যেকোনও মূল্যে তাকে রক্ষা করত। স্ক্যালোনি কৌশলগত বৈঠকের চেয়ে দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক, একসঙ্গে খাওয়া-দাওয়া আর ড্রেসিংরুমের একতাকে বেশি গুরুত্ব দেন। মিডফিল্ডার রদ্রিগো ডি পল এই দর্শনকে সংক্ষেপে বলেছিলেন, ‘খেলার উন্নতির জন্য আগে মানুষটার উন্নতি করা।’

এর চূড়ান্ত রূপ দেখা যায় ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে নামার আগে লাজুক মেসির দেওয়া এক অগ্নিঝরা ভাষণে। মেসি বলেছিলেন, ‘৪৫ দিন ধরে আমরা পরিবারের মুখ দেখিনি। দিবু (মার্টিনেজ) বাবা হয়েছে কিন্তু নিজের মেয়েকে কোলে নিতে পারেনি। আর এই সব কিছু কিসের জন্য? এই মুহূর্তটার জন্য।’

সেবার আর্জেন্টিনা শিরোপা জেতে এবং মেসির কাঁধ থেকে সব ভয় ও চাপ উধাও হয়ে যায়। এরপর থেকে একটি অপরাজেয় দল হিসেবে আর্জেন্টিনা ২০২২ সালের বিশ্বকাপ ও ফিনালিসিমা এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয় করে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও স্ক্যালোনি বলেছিলেন, ‘চিন্তা করবেন না। সূর্য আবার উদিত হবে।’

স্ক্যালোনির কোচিংয়ের মূল মন্ত্র হলো ফর্মেশনের চেয়ে খেলোয়াড়দের আবেগ ও তাদের কাঁধে হাত রেখে পাশে দাঁড়ানো। হয়তো খেলোয়াড় জীবনে এফএ কাপের সেই ভুলের রাতে কিংবা ২০০৫ ও ২০১৮ সালে মেসির মাথা নিচু করে মাঠ ছাড়ার দিনে এমন একটা সান্ত্বনার হাতেরই অভাব বোধ করেছিলেন তিনি। আজ রবিবার দিবাগত রাতে আর্জেন্টিনা আবারও আরেকটি ফাইনালে মাঠে নামছে। জিতলে তারা ফুটবল ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ধরে রাখার কীর্তি গড়বে।

তবে ফলাফল যা-ই হোক না কেন, লিওনেল মেসির ভেতরের সেরাটা বের করে আনা প্রথম এবং একমাত্র সফল জাদুকর হিসেবে লিওনেল স্ক্যালোনির নাম ফুটবল ইতিহাসে লেখা থাকবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন
এ কেমন আর্জেন্টিনা!
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
সর্বশেষ খবর
দৃষ্টিনন্দন মসজিদ, পাশেই ভাঙা ঘরে থাকেন ইমাম
দৃষ্টিনন্দন মসজিদ, পাশেই ভাঙা ঘরে থাকেন ইমাম
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ
যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ
টানা ৯ রাত যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে ইরানও
টানা ৯ রাত যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে ইরানও
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার