২০২৬ সালের এমএলএস অল-স্টার ম্যাচেও দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে গত বছরের মতো এবার তাকে কোনো শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। ইন্টার মায়ামির এই মহাতারকা এবং আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পলকে বিশেষ ছুটি দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।
আরও পড়ুন: সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
সাধারণত এমএলএস অল-স্টার ম্যাচে নির্বাচিত কোনো খেলোয়াড় যথাযথ কারণ ছাড়া না খেললে শাস্তির মুখে পড়তে হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন।
মেসি ও ডি পল দুজনই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্বকাপে দীর্ঘ সময় খেলার কারণে আন্তর্জাতিক ফুটবলারদের বিশ্রাম নিশ্চিত করতে খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর নীতিমালার আওতায় তারা বিশেষ সুবিধা পাচ্ছেন।
মৌসুম শুরুর আগেই এমএলএস এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়। সেই চুক্তি অনুযায়ী, বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রতিটি ক্লাব নিজ নিজ খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে তাদের বিশ্রাম এবং অনুশীলনে ফেরার সময়সূচি নির্ধারণ করবে।
এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই চুক্তির আলোকে রদ্রিগো ডি পল ও লিওনেল মেসিকে এমএলএস অল-স্টার ম্যাচে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
তবে মেসির অনুপস্থিতি এমএলএসের জন্য বড় ধাক্কা-ই। বিশেষ করে সাম্প্রতিক বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে ঘিরেই ছিল সবচেয়ে বেশি আগ্রহ।
২০২৬ বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন সিলভার বুট ও সিলভার বল।
মেসি ও ডি পলের অনুপস্থিতির কারণে এমএলএসকে অল-স্টার দলে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে হয়েছে।









