জাপানে অনুষ্ঠিতব্য ২০২৬ নারী এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ পর্বের সূচি প্রকাশ করা হয়েছে। কঠিন গ্রুপ তথা ‘এফ’- এ জায়গা হয়েছে বাংলাদেশের। গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিধর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেদিন ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। এরপর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০২৬ নারী এশিয়ান গেমসের সব ম্যাচই জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ১টায়।
এর আগে চলতি বছর দুটি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে খেলেছিল তারা। তিন ম্যাচে ১১ গোল হজম করে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। সেই টুর্নামেন্টে কোনো গোলও করতে পারেনি ঋতুপর্ণারা।
অস্ট্রেলিয়ার পর এ বছর ভারতেও খেলেছে বাংলাদেশ। ফাইনালে উঠলেও রানার্সআপ হয় ঋতুপর্ণা-মারিয়াদের দল। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ষষ্ঠবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ভারত।
এবারের নারী এশিয়ান গেমস ফুটবল ইভেন্টে অংশ নেবে ১২টি দল। তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলো, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। তাদের সঙ্গে সেরা দুই তৃতীয় স্থানধারী দলও শেষ আটে জায়গা করে নেবে। ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।









