বাংলাদেশের ফুটবলে এখন আলোচনার কেন্দ্রে হামজা দেওয়ান চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় আসার পর থেকেই তাকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় এসেছে তার অধিনায়কত্বের প্রসঙ্গও। জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেলে কী করবেন হামজা?
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে দেশের মাঠে পাঁচটি, আর বিদেশের মাটিতে আটটি। এই ১৩ ম্যাচে তার গোল চারটি, সঙ্গে আছে একটি অ্যাসিস্ট। চমকপ্রদ তথ্যটি হলো, হামজার চার গোল ও একমাত্র অ্যাসিস্টের সবই এসেছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
ফলে তার নেতৃত্বের বিষয়টি এখন আলোচনায়। স্থায়ী অধিনায়কত্বের প্রস্তাব পেলে দায়িত্ব নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। তবে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্বও কমিয়ে দেখছেন না। হামজার মতে, জাতীয় দলের হয়ে প্রায় ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন ফুটবলারও আছেন দলে।
হামজার ভাষায়, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি দায়িত্ব নেব। তবে দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ড্রেসিংরুমে সবাই যেন একই লক্ষ্যে কাজ করে। আমাদের মধ্যে পারিবারিক একটা পরিবেশ আছে, এটাই সবচেয়ে জরুরি।’
বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারের ক্যারিয়ারও শেষ পর্যায়ের দিকে। ফলে ভবিষ্যতে হামজার কাঁধে নেতৃত্বের দায়িত্ব উঠলে সেটি খুব একটা বিস্ময়কর কিছু হবে না।