অনেক দিন পর বাংলাদেশের ফুটবলে এমন দাপুটে পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে হামজা চৌধুরী ও ফারহানদের দুর্দান্ত ফুটবলে মুগ্ধ সমর্থকেরা। রক্ষণভাগেও নজর কেড়েছেন সাদ উদ্দিন। কিন্তু ম্যাচের শেষ দিকে পাওয়া চোট কেড়ে নিয়েছে তার সাফ অভিযান।
বুধবার ম্যাচের ৮১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সাদ। ব্যথার তীব্রতা এতই বেশি ছিল যে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এই ডিফেন্ডারকে। পরীক্ষার রিপোর্টে তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে দলীয় সূত্রে জানা গেছে, চলতি সাফে আর খেলা হচ্ছে না সাদের। জামাল ভূঁইয়ার ধারণা, এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে!
এর আগে আসিয়ান কাপেও ভালো পারফরম্যান্স ছিল সাদের। সাফের প্রথম দুই ম্যাচেই একাদশে জায়গা পেয়েছিলেন এই ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি দলের খেলাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এমন একজন ফর্মে থাকা ফুটবলারের ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ফেলেছে কোচ টমাস ডুলিকে। বুধবার ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় কোচও সাদের চোটকে গুরুতর বলে উল্লেখ করেছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে যারা খেলেননি, মূলত তারাই অনুশীলন করেছেন। চোটের কারণে কয়েক দিন ধরে অনুশীলনের বাইরে থাকা তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষও এদিন অনেকটাই পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। অন্যদিকে আগের দিন ম্যাচ খেলা ফুটবলাররা হোটেলে রিকভারি সেশনে সময় কাটিয়েছেন।
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’