জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখলো আর্জেন্টিনার প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৬, ১৯:৫৩ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিদের জন্য বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। বিশ্বকাপের সময় সেই ভালোবাসার দৃশ্য ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। এবার সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ লক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল একাডেমি গড়ার প্রস্তাব নিয়ে চার দিনের ঢাকা সফর শুরু করেছে সংস্থাটির আন্তর্জাতিক শাখা এএফএ ইন্টারন্যাশনালের তিন সদস্যের প্রতিনিধি দল।

বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ ও অংশীদারত্বের সম্ভাবনা খতিয়ে দেখতেই তাদের এই সফর। ভারত সফর শেষে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। বিমানবন্দর থেকে সরাসরি তারা চলে যান জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে।

প্রতিনিধি দলে রয়েছেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কোঅর্ডিনেটর নিকোলাস এবং এএফএ একাডেমি ইন্ডিয়ার কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স।

বাংলাদেশে একাডেমি চালুর পরিকল্পনা সম্পর্কে মারিও মার্টিন তুলা জানান, ভারতে একাডেমি প্রতিষ্ঠার পর এশিয়ার অন্য দেশগুলোতেও আর্জেন্টিনার ফুটবল দর্শন ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। বাংলাদেশে ৭ কোটির বেশি আর্জেন্টিনা-সমর্থক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে আমরা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি। তবে সময় ও সুযোগের বিষয়টি বাংলাদেশের মানুষই ঠিক করবেন।’

তবে এখনই একাডেমি চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণার সুযোগ নেই। বিষয়টি রয়েছে প্রাথমিক আলোচনার পর্যায়ে। মেথডোলজি কোঅর্ডিনেটর নিকোলাস জানিয়েছেন, বাংলাদেশের ফুটবলের বর্তমান কাঠামো সম্পর্কে তাদের এখনো পরিষ্কার ধারণা হয়নি। তাই দ্রুত কোনো ঘোষণা আসার সম্ভাবনা নেই।

প্রতিনিধি দলের এই সফরে দুই দেশের মধ্যে সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনার কথা জানায়নি তারা।

চার দিনের সফরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সঙ্গে বৈঠক, সেমিনার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রতিনিধি দলের।

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন তুলা। স্টেডিয়ামটির আধুনিক সুযোগ-সুবিধার প্রশংসা করে তার ধারণা, ভবিষ্যতে অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সক্ষমতাও রয়েছে এই ভেন্যুর।

/এফআইআর/
সম্পর্কিত
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা
বিশ্বকাপের শিরোপা না জিতেও বছরকে ইতিবাচক দেখছেন স্কালোনি
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
আন্দোলন না করলে শ্রমিকদের সমস্যা কেউ জানতো না, সোমবার মালিকপক্ষ নতুন মজুরি জানাবে
আন্দোলন না করলে শ্রমিকদের সমস্যা কেউ জানতো না, সোমবার মালিকপক্ষ নতুন মজুরি জানাবে
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন