স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে বর্তমানে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সাহায্য নিচ্ছেন। তবে এসব চ্যাটবটের দেওয়া তথ্য কতটা নির্ভরযোগ্য, ব্যবহারকারীরা সেগুলো কতটা বুঝতে পারছেন এবং চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা কাজে লাগছে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে নতুন একটি অ্যাপ চালু করেছে অ্যাপল। ‘অ্যাপল হেলথ এআই ইউসেজ স্টাডি’ নামের এ উদ্যোগে চিকিৎসাবিষয়ক এআই প্রতিষ্ঠান ওপেনএভিডেন্সের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। গবেষণায় সর্বোচ্চ ২ লাখ ব্যবহারকারীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি বা ক্লডের মতোই স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। তবে সাধারণ এআই চ্যাটবটের মতো উত্তর তৈরির পরিবর্তে এতে চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত গবেষণা ও প্রকাশনাকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে। এসব তথ্যের উৎস হিসেবে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (জেএএমএ) এবং নেচারের মতো সাময়িকীর গবেষণাপত্র ব্যবহার করবে ওপেনএভিডেন্স। উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণার সূত্রও যুক্ত থাকবে, যাতে ব্যবহারকারীরা তথ্যের সত্যতা যাচাই করতে পারেন। চিকিৎসাবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করাও অ্যাপটির অন্যতম লক্ষ্য।
অ্যাপটিতে ব্যবহারকারীরা উত্তরের যথার্থতা, বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিকতা মূল্যায়ন করতে পারবেন। পাশাপাশি নিয়মিত জরিপে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন। চাইলে আইফোনের হেলথকিটে সংরক্ষিত তথ্যও ব্যবহারের অনুমতি দেওয়া যাবে অ্যাপটিতে। এর মধ্যে থাকা বিশ্রামকালীন হৃদ্স্পন্দন, শারীরিক কর্মকাণ্ড, ঘুমের তথ্য ও বিভিন্ন টেস্টের ফলাফলের তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীর স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় আরও প্রাসঙ্গিক উত্তর দেওয়ার বিষয়টি পরীক্ষা করবে গবেষকেরা। চিকিৎসকের কাছে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশ্ন ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গুছিয়ে নিতেও অ্যাপটি সহায়তা করতে পারে।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায়ও বিশেষ ব্যবস্থা রাখার কথা জানিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য, ওপেনএভিডেন্সের কাছে পাঠানোর আগে তথ্য থেকে পরিচয় শনাক্ত করার মতো বিষয়বস্তু সরিয়ে ফেলা হবে। প্রশ্ন ও উত্তরের সকল তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার নিশ্চয়তাও দিয়েছে ওপেনএভিডেন্স। এসব তথ্য কোনো এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অ্যাপটি কোনো রোগ শনাক্ত বা চিকিৎসার বিকল্প হিসেবে তৈরি করা হয়নি। গুরুতর স্বাস্থ্যসমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশনাও থাকবে এতে।
গবেষণায় অংশ নিতে হলে যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে এবং অংশগ্রহণকারীকে কমপক্ষে ২১ বছর বয়সী হতে হবে। পাশাপাশি আইফোন ১৫ প্রো বা পরবর্তী মডেলের ফোনে আইওএস ২৬ বা এর পরের সংস্করণ থাকতে হবে এবং অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা চালু রাখতে হবে। ১২ মাসের বেশি সময় ধরে চলতে পারে এ গবেষণা। অ্যাপল জানিয়েছে, এর মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক এআইয়ের উত্তরের ওপর মানুষের আস্থা, তথ্য বোঝার সক্ষমতা এবং বাস্তব জীবনে এসব উত্তরের প্রভাব সম্পর্কে বিস্তর ধারণা পাওয়া যাবে।
জাতীয় নিরাপত্তার উদ্বেগে জর্ডানে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’