গুগল সার্চে নিজের ফোন নম্বর, ই-মেইল ঠিকানা বা বাসার ঠিকানা প্রকাশ্যে দেখা গেলে তা ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। এসব তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে থাকলে গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধা ব্যবহার করে সার্চ ফলাফলে সেগুলো শনাক্ত করা এবং নির্দিষ্ট শর্ত পূরণ হলে সরানোর অনুরোধ করা যায়। সুবিধাটি চালু করে ব্যক্তিগত তথ্যের নতুন কোনো সার্চ ফলাফল পাওয়া গেলেও নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ব্যবহারকারী।
প্রথমে ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ চালু করুন
অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে গুগল অ্যাপ খুলে ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ অপশন নির্বাচন করতে হবে। চাইলে মোবাইল বা কম্পিউটার ব্রাউজার থেকেও গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ পেজে প্রবেশ করা যায়। সেখানে ‘গেট স্টার্টেড’ নির্বাচন করে নিজের নাম লিখতে হবে। কেউ অন্য নামে বা ডাকনামে পরিচিত হলে সেটিও যোগ করা যায়। এরপর ‘কনটিনিউ’ অপশনটি নির্বাচন করতে হবে।
যে তথ্যগুলো খুঁজতে চান, সেগুলো যোগ করুন
পরের ধাপে গুগল সার্চে নিজের কোন কোন ব্যক্তিগত তথ্য খুঁজে দেখতে হবে, তা নির্ধারণ করতে হবে। এখানে এক বা একাধিক ফোন নম্বর, বাসার ঠিকানা এবং ই-মেইল ঠিকানা যোগ করা যায়। কিছু অঞ্চলে সামাজিক নিরাপত্তা নম্বর, পাসপোর্ট নম্বর ও ড্রাইভিং লাইসেন্স নম্বরও পর্যবেক্ষণের জন্য যোগ করার সুবিধা রয়েছে। তথ্যগুলো যোগ করার পর ‘কনটিনিউ’ চাপতে হবে।
নোটিফিকেশন চালু করে তথ্য সংরক্ষণ করুন
এরপর ব্যক্তিগত তথ্যের কোনো মিল সার্চে পাওয়া গেলে কোথায় নোটিফিকেশন পেতে চান, তা নির্বাচন করতে হবে। ই-মেইল ও গুগল অ্যাপ, বর্তমানে এই দুই মাধ্যমেই নোটিফিকেশন পাওয়ার সুযোগ রয়েছে। সব তথ্য ঠিক আছে কি না যাচাই করে নিজের তথ্য ব্যবহারের অনুমোদন নিশ্চিত করতে হবে। এরপর ‘সেভ’ চাপলেই পর্যবেক্ষণ শুরু হবে। গুগল সাধারণত প্রথমবারের স্ক্যান কয়েক ঘণ্টার মধ্যে সম্পন্ন করে থাকে।
সার্চে তথ্য পাওয়া গেলে কী করবেন
ব্যক্তিগত তথ্যযুক্ত কোনো ফলাফল পাওয়া গেলে ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ পেজের ‘টু রিভিউ’ অংশে সেটি দেখা যাবে। ফলাফলে থাকা ওয়েবসাইট ও কোন ব্যক্তিগত তথ্য পাওয়া গেছে, তা যাচাই করে প্রয়োজন হলে ‘রিকোয়েস্ট টু রিমুভ’ নির্বাচন করতে হবে। এরপর গুগলের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সার্চ ফলাফল থেকে ওই তথ্য সরানোর জন্য অনুরোধ পাঠানো যাবে।
তবে কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য মুছে ফেলা এবং গুগল সার্চ থেকে সেই তথ্যের লিংক সরানো এক বিষয় নয়। গুগল সার্চ থেকে লিংক সরানো হলেও মূল ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি থেকে যেতে পারে। তাই ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকেও তা সরানোর অনুরোধ করতে হবে। আবার সরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান, সংবাদমাধ্যম বা জনস্বার্থসংশ্লিষ্ট কিছু ওয়েবসাইটের তথ্য সরানোর অনুরোধ গুগল নাও মঞ্জুর করতে পারে। তাই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশিত হলে গুগলের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইটের কর্তৃপক্ষের কাছেও তথ্যটি সরানোর অনুরোধ করা উচিত।
এআইয়ের দাপটে কমছে উইকিপিডিয়ার পাঠক, কী বলছেন সিইও?
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন