হোয়াইটওয়াশ এড়াতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ০৮:২১আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৮:২১

শুরুর পূর্বাভাস ছিল অন্যরকম। মনে হয়েছিল, নিউজিল্যান্ডকে হয়তো অল্পকে বেঁধে রাখতে পারবে বাংলাদেশ। কিন্তু শেষের দৃশ্যপটে লেখা ছিল অন্যকিছু। তাই ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের অভিষেক সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা পড়লো তামিম ইকবালরা। আগেই সিরিজ হারানো বাংলাদেশকে হোয়াইটওয়াশ এড়াতে গড়তে হবে নতুন রেকর্ড।

কনওয়ে খেলেছেন ১২৬ রানের অসাধারণ ইনিংস। আর ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পাওয়া মিচেল অপরাজিত ছিলেন ১০০ রানে। এই দুই ব্যাটসম্যানের বীরত্বে ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৮ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে তাই রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। ওয়ানডেতে কিউইদের বিপক্ষে এত বড় স্কোর নেই সফরকারীদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩০৯ রানের। ২০১৩ সালে ফতুল্লায় কিউইদের দেওয়া ৩০৭ রানের জবাবে এই স্কোর করেছিল তারা। আর যদি নিউজিল্যান্ডের মাটিতে খেলা ওয়ানডে হিসাব করা হয় তাহলে স্কোরটা আরও কম। নিউজিল্যান্ডে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৮৮। ২০১৫ সালের বিশ্বকাপে হ্যামিল্টনে করেছিল তামিমরা।

নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘কেন উইলিয়ামসন’ হবেন ডেভন কনওয়ে। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনের জায়গা পূরণে ‘নতুন মুখ’ কেমন করেন, সেটাই ছিল দেখার। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়ে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান জানিয়ে দিলেন তার সামর্থ্য। বাংলাদেশকে অনেক ভুগিয়ে তবে বিদায় নিয়েছেন তিনি।

কনওয়ে যখন আউট হয়েছেন, তখন নিউজিল্যান্ড পেয়ে গেছে বড় স্কোর। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া কিউইদের টেনে তুলে অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। আগের ম্যাচে ৭২ রানে রানআউট হয়ে আফসোসে পুড়লেও ওয়েলিংটনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ওয়ানডের প্রথম সেঞ্চুরি পূরণ করে তিনি খেলেছেন ১২৬ রানের অসাধারণ ইনিংস।

মোস্তাফিজুর রহমানের বলে সাব-ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়ার আগে ১১০ বলের ইনিংসটি সাজান ১৭ বাউন্ডারিতে। তবে যাওয়ার আগে স্বাগতিকদের জন্য রেখে যান বড় সংগ্রহের ভিত। যে ভিতের ওপর দাঁড়িয়ে স্কোরটা ৩০০ ছাড়িয়ে নিয়ে গেছেন মিচেল। ইনিংসের একেবারে শেষ বলে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান কনওয়ের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ১৫৯ রানের জুটি। মিচেল ৯২ বলে তার হার না মানা ১০০ রানের ইনিংসটি সাজান ৯ বাউন্ডারি ও ২ ছক্কায়।

যদিও শুরুতে স্বাগতিকদের অবস্থা সুবিধার ছিল না। ৫৭ রানে হারিয়েছিল ৩ উইকেট। বড় ধাক্কাটা লেগেছিল অধিনায়ক টম ল্যাথামের বিদায়ে। তামিম ইকবালের দারুণ অধিনায়কত্ব ও বল হাতে নিয়েই সৌম্য সরকারের বাজিমাত, অবশ্যই বাহবা পাবেন তারা। তবে ল্যাথামের উইকেটে সবচেয়ে বেশি কৃতিত্ব পাবেন মেহেদী হাসান মিরাজ। পয়েন্টে তিনি ‘বাজপাখি’ হয়ে উঠেছিলেন বলেই তো আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে তাড়াতাড়ি ফেরাতে পেরেছে বাংলাদেশ।

দেখার মতো এক ক্যাচ নিয়েছেন মিরাজ। ক্রাইস্টচার্চের মতো জুটি গড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন কনওয়ে ও ল্যাথাম। কোনও বোলারেই যখন কাজ হচ্ছিল না, তামিম তখন বল তুলে দেন সৌম্যর হাতে। বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট পান সৌম্য। যে উইকেটে মিরাজ কৃতিত্ব পাবেন সবচেয়ে বেশি। ল্যাথামের শট ঝাঁপিয়ে তালুবন্দি করেন তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ল্যাথাম আউট হয়েছেন ১৮ রানে। ৩৩ বলের ইনিংসটি তিনি সাজান ১ বাউন্ডারিতে।

তার আগে বল হাতে আলো ছড়িয়েছেন রুবেল হোসেন। প্রথম দুই ওয়ানডেতে দর্শক হয়ে থাকা এই পেসার শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই নিজেকে চেনালেন। উইকেটের অপেক্ষায় থাকতে হয়েছে তাকে মাত্র ৯ বল। মার্টিন গাপটিল ভয়ঙ্কর (২৬) হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়ে উইকেট উৎসব শুরু তার। ডানহাতি পেসারের বল পুল করতে গিয়ে কিউই ওপেনার ধরা পড়েন মিড-অনে লিটন দাসের হাতে। নিজের পরের ওভারেই আবার উইকেট উদযাপন করেছেন রুবেল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে একাদশে ফেরা রস টেলরকে ফিরিয়ে বাংলাদেশেকে দিয়েছে বড় উপহার।

যদিও তার আগে ছিল আক্ষেপের গল্পও। ১ বল আগেই টেলরের উইকেট পেতে পারতেন রুবেল। কিন্তু হয়নি মোস্তাফিজুর রহমানের ক্যাচ মিসে। মিডউইকেটে সহজ ক্যাচ ছাড়েন এই পেসার। পরের বলে টেলর একই জায়গা দিয়ে বাউন্ডারি হাঁকালে আক্ষেপ আরও বাড়ে। যদিও সেই আক্ষেপ জুড়াতে সময় লাগেনি। রুবেলের বলে টেলরের ব্যাট ছুঁয়ে আসা বল গ্লাভসবন্দি করতে এবার ভুল হয়নি মুশফিকুর রহিমের। ফেরার আগে টেলর করেন ৭ রান।

বাংলাদেশের ক্যাচ মিস চলেছে ওয়েলিংটনেও। ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে নড়বড়ে মুশফিকুর রহিমই ফুটে উঠলেন ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে। আবারও ক্যাচ ছেড়েছেন এই উইকেটকিপার। তবে তার ‘শাপমোচন’ করেছেন লিটন দাস। যে হেনরি নিকোলসকে দ্বিতীয় জীবন দিয়েছিলেন মুশফিক, তার ক্যাচই নিয়েছেন লিটন।

তাই তাসকিন আহমেদের আক্ষেপ দূর হতে সময় লাগেনি। ১ বল আগেই নিকোলসকে সাজঘরে ফেরানোর দারুণ সুযোগ তৈরি করেছিলেন এই পেসার। তার বাউন্স পাওয়া আউট সুইঙ্গার কিউই ওপেনারের ব্যাট ছুঁয়ে গেলে মুশফিক ঝাঁপিয়েও গ্লাভসে রাখতে পারেননি। উল্টো বল ছুটে গিয়ে দ্বিতীয় জীবনের সঙ্গে বাউন্ডারি পান নিকোলস।

হতাশায় ডুবে যাওয়া তাসকিন ও বাংলাদেশ ১ বল পরই পায় সাফল্য। নিকোলসের ব্যাট ছুঁয়ে যাওয়া বল গালিতে থাকা লিটন তালুবন্দি করতে ভুল করেননি। তাতে বাংলাদেশ পায় প্রথম উইকেট। আউট হওয়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান ২১ বলে ২ বাউন্ডারিতে করেন ২৬ রান।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রুবেল। এই পেসার ১০ ওভারে ৭০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, তাসকিন ও সৌম্য।

/কেআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
সর্বশেষ খবর
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
১১ বছর আগে স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
১১ বছর আগে স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্বামী
পূর্বাভাস মিললেও পৌঁছায় না সতর্কবার্তা, বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যু
পূর্বাভাস মিললেও পৌঁছায় না সতর্কবার্তা, বেড়েই চলেছে বজ্রপাতে মৃত্যু
আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়