ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৮:৩৮ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫৩

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান তত্ত্বাবধানে জেনারেল ফায়াদ আল-রুওয়াইলিকে নিয়োগ দিয়েছে সৌদি আরব। আলোচনায় ফেরার আগে ভূখণ্ডগত সুবিধা পেতে রিয়াদ আরও ছয় মাস পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। রণক্ষেত্রে পিছু হটার পর এ সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে আছে কৌশলগত বাব এল-মানদেব প্রণালির কাছ থেকে সৌদি-সমর্থিত বাহিনীর সরে আসা, যাতে এডেনের প্রতিরক্ষা জোরদার করা যায়।

দীর্ঘ অভিযানের ছক

১৬ নভেম্বর বাদশাহ সালমান আল-রুওয়াইলিকে যৌথ বাহিনীর কমান্ডার নিয়োগ দেন। আগের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের উপদেষ্টা করা হয়েছে। আল-রুওয়াইলি জেনারেল স্টাফ প্রধানের পদও ধরে রাখছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি কর্মকর্তারা পশ্চিমাদের ২০২৭ সাল পর্যন্ত, অর্থাৎ আরও ছয় মাস পর্যন্ত অভিযানের পরিকল্পনা জানিয়েছেন। রিয়াদ চায় হুথিদের সঙ্গে আলোচনার আগে তার ইয়েমেনি মিত্ররা ভূখণ্ড পুনরুদ্ধার করুক। তবে নতুন আক্রমণের সময় অনিশ্চিত। ১৯ নভেম্বর হুথি হামলায় রিয়াদে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অক্টোবরের পাল্টা অভিযানে লোহিত সাগরের উপকূলে দুবাবের আশপাশের অবস্থান পুনর্দখল হলেও মোখা বন্দর ফেরত পাওয়া যায়নি। ১৫ নভেম্বরের প্রত্যাহারের পর ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, মোখা ও এডেনের মাঝে জাবাল খাবুব এবং এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে খুর উমাইরাহর আশপাশে হুথিরা আরও এগিয়েছে।

বিশেষজ্ঞদের মত

কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের সহযোগী ফেলো উমার করিম বলেন, এই নিয়োগ ইঙ্গিত দেয় আগের কমান্ড-ব্যবস্থা রিয়াদের প্রত্যাশিত ফল দিতে পারেনি। তিনি বলেন, দ্বৈত দায়িত্বের মধ্য দিয়ে সৌদি জেনারেল স্টাফ ও ইয়েমেনি মিত্রদের মধ্যে আরও বেশি কমান্ড ও নিয়ন্ত্রণ সমন্বয়ের চেষ্টা হচ্ছে, সঙ্গে সৌদি বিমানবাহিনীর বাড়তি ভূমিকাও থাকতে পারে।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ এ সিদ্ধান্তকে এই স্বীকৃতি বলে বর্ণনা করেছেন যে সৌদি কমান্ড-কাঠামোই সমস্যার অংশ হয়ে উঠেছিল। তিনি বলেন, আল-রুওয়াইলিকে সশস্ত্র বাহিনী ও ইয়েমেন অভিযান, দুটোর দায়িত্বই দিয়ে (সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান) কমান্ডের শৃঙ্খল ছোট করছেন এবং ফলাফলের দায় এক জায়গায় কেন্দ্রীভূত করছেন।

তবে কঠোর কমান্ড কাঙ্ক্ষিত অর্জন এনে দেবে কিনা, তা নিয়ে ক্রিগ অনেক বেশি সন্দিহান। তিনি বলেন, আমার মনে হয় রিয়াদ সামরিক অভিযান টিকিয়ে রাখার সক্ষমতাকে সামরিক সাফল্য আনার সক্ষমতা বলে গুলিয়ে ফেলছে।

তার যুক্তি, বাব এল-মানদেব থেকে পিছু হটা দেখিয়েছে যে ইয়েমেনি স্থলবাহিনীর দুর্বলতা সৌদি আকাশশ্রেষ্ঠত্ব দিয়ে পূরণ হয় না। প্রণালি পুনরুদ্ধার ও ধরে রাখা এবং তাইজকে স্বস্তি দেওয়া অন্যত্র সীমিত অর্জনের চেয়ে অনেক কম বাস্তবসম্মত।

সমন্বয়ের সীমাবদ্ধতা

জায়ান্টস ব্রিগেড, প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য তারিক সালেহর সঙ্গে সম্পর্কিত বাহিনী, নিয়মিত সেনা ও দক্ষিণের বিভিন্ন গোষ্ঠীর কমান্ড-কাঠামো, আঞ্চলিক স্বার্থ ও রাজনৈতিক লক্ষ্য ভিন্ন। করিমের মতে, ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, রাজনৈতিক লক্ষ্যের ভিন্নতা এবং তাদের শক্তি ও সক্ষমতা নিয়ে রিয়াদের সীমিত নজরদারিই জোটের বড় দুর্বলতা। তিনি সতর্ক করেন, এক গোষ্ঠী প্রতিরক্ষা অবস্থান ছাড়লে পাশের ইউনিটগুলো উন্মুক্ত হয়ে পড়ে এবং প্রসারিত সীমান্তে ব্যাপক ধসের সূচনা হতে পারে।

ক্রিগ বলেন, সৌদি আরব নিজের আকাশশক্তি, গোয়েন্দা তথ্য ও লজিস্টিকসের সমন্বয় উন্নত করতে পারে, কিন্তু ইয়েমেনি অংশীদারদের একটি সমন্বিত যুদ্ধশক্তি হয়ে ওঠার নির্দেশ সে দিতে পারে না।

২০২৫ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে অবশিষ্ট সামরিক সদস্য প্রত্যাহার করায় রিয়াদের ওপর দক্ষিণের সেই গোষ্ঠীগুলো সামলানোর দায় বেড়েছে, যাদের সঙ্গে আবুধাবির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

ওয়াশিংটনের ভূমিকা

১৮ নভেম্বর রিয়াদে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন যুবরাজ। সৌদি আকাশ প্রতিরক্ষা মূল্যায়নে তিন ডজনের বেশি মার্কিন সামরিক উপদেষ্টা আসার খবরও এসেছে। রয়টার্সের তথ্যমতে, সেপ্টেম্বরে যুবরাজ হুথিদের বিরুদ্ধে মার্কিন সহায়তা চেয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার অনুমোদন দেননি, তবে ওয়াশিংটন গোয়েন্দা তথ্য ও লক্ষ্যনির্ধারণে সহায়তা দিয়েছে। সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত এক সূত্র রয়টার্সকে বলেছে, রিয়াদ মনে করে মার্কিন আক্রমণাত্মক সহায়তা পাল্টে দিতে পারে পরিস্থিতি, কয়েক সপ্তাহেই মিত্ররা কাঙ্ক্ষিত অর্জন পেতে পারে।

ক্রিগের মতে, অতিরিক্ত ইন্টারসেপ্টর, আগাম সতর্কতা ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা সৌদি সহনশীলতা বাড়াবে। তবে আক্রমণাত্মক সম্পৃক্ততার জন্য দরকার টানা মার্কিন হামলা, ইলেকট্রনিক যুদ্ধ ও ইয়েমেনি স্থলবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়। তিনি বলেন, ওয়াশিংটন বোমা ফেলে একটি ঐক্যবদ্ধ ইয়েমেনি সেনাবাহিনী সৃষ্টি করতে পারে না।

রিয়াদের বিকল্প ও খরচ

রিয়াদের তাৎক্ষণিক অগ্রাধিকার এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা ঠেকানো। উত্তর ইয়েমেনের আল-জাউফ রণাঙ্গনকে, বিশেষ করে প্রাদেশিক রাজধানী আল-হাজমের আশপাশকে, চাপ বাড়ানোর জায়গা হিসেবে চিহ্নিত করেছেন করিম। তবে একাধিক ফ্রন্টে অভিযান ইতোমধ্যে টানাটানির মধ্যে থাকা স্থলবাহিনীর ওপর বাড়তি চাপ ফেলবে।

খরচ সৌদি আরবের ভেতরেও দৃশ্যমান। ১৯ নভেম্বর পিআইএফ টাওয়ারের সাত-আট তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট দর্শনার্থীদের জন্য বন্ধ করেছে। দুই সপ্তাহেরও কম আগে একই এলাকায় আরামকোর একটি ভবনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরব ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভসহ বড় আন্তর্জাতিক আয়োজনও স্থগিত করেছে।

ক্রিগ বলেন, হুথিরা সৌদি আরবের ওপরই চাপ কেন্দ্রীভূত করেছে এবং অন্য দেশগুলোকে সংঘাতে টানতে পারে এমন হামলা এড়াতে চমকপ্রদ শৃঙ্খলা দেখিয়েছে। ইরান যুদ্ধের কারণে রিয়াদকে পূর্বাঞ্চলের অবকাঠামো ও ক্রমেই গুরুত্ব পাওয়া পশ্চিমের রফতানি করিডর, দুটোই রক্ষা করতে হচ্ছে, ফলে খরচের বেশির ভাগ তাকেই বহন করতে হচ্ছে।

ক্রিগের মূল্যায়ন, লড়াই চালিয়ে যাওয়ার মতো আর্থিক ও সামরিক সম্পদ রিয়াদের আছে, তবে কাঙ্ক্ষিত অর্জন না এলে দরকষাকষির অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি আছে। তিনি বলেন, ছয় মাসে হয়তো আলোচনার জন্য আরও চাপ তৈরি হবে, আবার মিত্রদের আরও নিঃশেষ করে সৌদি আরবকে দুর্বল অবস্থান থেকে আলোচনায় বসতেও হতে পারে।

ফলাফল ইরান যুদ্ধের বৃহত্তর অগ্রগতির ওপরও নির্ভর করবে। রিয়াদের আশা, বৃহত্তর কূটনৈতিক সমঝোতা ইয়েমেন অভিযান শেষ করতে সাহায্য করতে পারে।

ক্রিগের মতে, বাব এল-মানদেব পুনরুদ্ধারকে যুবরাজ নিজের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন বানিয়ে ফেলেছেন। তাই অর্থবহ সাফল্য ছাড়া অভিযান যত দীর্ঘ হবে, পরাজিত না দেখিয়ে সরে আসা তত কঠিন হবে। তিনি বলেন, সৌদি আরব এমন এক যুদ্ধে আটকে পড়ার ঝুঁকিতে আছে, যা চালানোর সামর্থ্য তার আছে, কিন্তু রাজনৈতিকভাবে হারার সামর্থ্য নেই।

সূত্র: আল-মনিটর

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
‘পরাজিত আমেরিকা’ শর্ত দিতে পারে না: ইরান
সর্বশেষ খবর
টানা ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন