বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ট্রাম্পের ‘কঠিন শিক্ষার’ হুমকির পর ইরানে বড় ধরনের মার্কিন হামলা; লোহিত সাগরে হুথি হামলা ঠেকাতে আন্তর্জাতিক জোট চায় সৌদি আরব; ককরোচ জনতা পার্টি এখন কী করবে; যুদ্ধ এড়াতে চাওয়া সৌদি আরব এখন ত্রিমুখী হামলার শিকার; ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির; ইরান-মার্কিন সংঘাতে প্রথমবার আক্রান্ত মিসর; যুক্তরাষ্ট্র থামার পরও কেন নতুন করে লড়াইয়ে জড়ালো ইরান- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার চেষ্টার জবাবে ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, এই অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সুবিধা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
লোহিত সাগরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় একটি বিশ্বব্যাপী জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। বুধবার (২৯ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে কয়েকটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এই জোট গঠনের বিষয়টি বর্তমানে আলোচনা পর্যায়ে রয়েছে এবং এতে চূড়ান্তভাবে কোন কোন দেশ থাকছে তা এখনও নিশ্চিত হয়নি।
ভারতের শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভ স্থগিত হলেও পরিস্থিতির উত্তেজনা একেবারে কমে যায়নি। সরকারের সঙ্গে হওয়া চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে আন্দোলনকারী দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও স্পষ্ট কিছু হাজির করা হয়নি।
ইরানের ড্রোন হামলার পরও যোগাযোগের পথ খোলা রেখে বিগত পাঁচ মাস ধরে আঞ্চলিক যুদ্ধ এড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিল সৌদি আরব। তবে দেশটি এখন চারপাশ থেকে শত্রু পরিবেষ্টিত হয়ে পড়েছে। ইরান ছাড়াও ইয়েমেনের হুথি এবং ইরাকের ইরানপন্থি মিলিশিয়াদের অব্যাহত হামলায় শেষ পর্যন্ত নীরবতা ভাঙতে বাধ্য হলো রিয়াদ। মঙ্গলবার ভোরে মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে আকাশপথে হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান।
আগামী সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দুই প্রতিবেশীর মধ্যে গত কয়েক বছরের অস্থির সম্পর্কের পর এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এই আমন্ত্রণ গ্রহণ করলে গত ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের এটিই হবে প্রথম সরাসরি বৈঠক।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। মিসরের একটি বন্দরে দুটি জাহাজে বুধবারের অগ্নিকাণ্ডের পেছনে ড্রোন হামলা দায়ী ছিল বলে নিশ্চিত করেছে কায়রো। এর মাধ্যমে এই প্রথম মিসরের কোনও অবকাঠামো সরাসরি সংঘাতের লক্ষ্যবস্তু হলো। একই সময়ে মাসের পর মাস এড়িয়ে চলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে সৌদি আরব।
কয়েক দিনের শান্তির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ওপর আকস্মিক হামলা চালিয়ে নতুন করে সংঘাত উসকে দিয়েছে ইরান। মার্কিন হামলার জবাবে নয়, বরং যুদ্ধের গতিপথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবার ইরান নিজেই আগে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধকে নতুন করে তীব্র সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।