যার আয় কম, তার করের চাপ বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭

দেশে ধনী-গরিব সবাই পণ্য ও সেবা কেনার সময় মূল্য সংযোজন কর (ভ্যাট) দেন। কিন্তু এই করের বোঝা সবার জন্য সমান নয়। আয় যত কম, আয়ের তুলনায় ভ্যাটের চাপ তত বেশি। ফলে ধনীদের তুলনায় দরিদ্র মানুষকে নিজের আয়ের অনেক বড় অংশ পরোক্ষ কর হিসেবে দিতে হচ্ছে। অথচ যাদের আয় ও সম্পদ বেশি, তাদের ক্ষেত্রে এই চাপ তুলনামূলক অনেক কম।

এক গবেষণায় দেখা গেছে, দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ অর্থ ভ্যাট হিসেবে চলে যায় সরকারি কোষাগারে। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ আয়ের অনুপাতে ধনীদের তুলনায় দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি।

গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের পরিস্থিতি আরও কঠিন। সেখানে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২৩ শতাংশেরও বেশি ভ্যাট হিসেবে ব্যয় হয়। শহরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ১৬ দশমিক ৫ শতাংশ।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণাটি করা হয়। গবেষণাটির নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

শনিবার (২১ নভেম্বর) গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

একই ভ্যাট, কিন্তু গরিবের ওপর চাপ বেশি কেন

ভ্যাটের ক্ষেত্রে ধনী ও গরিবের মধ্যে মূল পার্থক্য তৈরি হয় তাদের আয়ের পরিমাণ এবং ব্যয়ের ধরনে। ভ্যাট একটি পরোক্ষ কর। অর্থাৎ পণ্য বা সেবা কেনার সময় ক্রেতাকে এই কর দিতে হয়। একই পণ্য কিনলে একজন ধনী ও একজন দরিদ্র মানুষকে সাধারণত একই হারে ভ্যাট দিতে হয়। কিন্তু দুজনের আয়ের মধ্যে পার্থক্য অনেক।

নিম্ন আয়ের মানুষের উপার্জনের প্রায় পুরোটাই খাবার, পোশাক, বাসস্থান, চিকিৎসা ও যাতায়াতের মতো প্রয়োজনীয় খরচে চলে যায়। ফলে দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রতিটি কেনাকাটার সময়ই তাদের আয়ের একটি অংশ কর হিসেবে ব্যয় হয়। অন্যদিকে উচ্চ আয়ের মানুষ প্রয়োজনীয় ব্যয় মেটানোর পরও উল্লেখযোগ্য অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করতে পারেন। সেই সঞ্চিত অর্থের ওপর সরাসরি ভ্যাট দিতে হয় না।

এ কারণেই একই হারে ভ্যাট আদায় করা হলেও আয়ের তুলনায় দরিদ্র মানুষের করের বোঝা অনেক বেশি হয়ে যায়। অর্থনীতির ভাষায় এ ধরনের করব্যবস্থাকে পশ্চাৎমুখী কর বলা হয়। অর্থাৎ আয় বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের অনুপাতে করের চাপ কমে যায়।

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনও ব্যক্তিগত আয়কর দিতে হয় না। কারণ, তাদের আয় করযোগ্য সীমার নিচে। বিপরীতে সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা এই উচ্চ আয়ের পরিবারগুলোর।

কিন্তু বাস্তবে আয়কর আদায়ের আওতা অনেক সীমিত। দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার কম। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে এই হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ।

সম্পদের ৭৬ শতাংশই শীর্ষ ১০ শতাংশের হাতে

গবেষণায় দেশের সম্পদবৈষম্যের চিত্রও উঠে এসেছে। এতে বলা হয়েছে, দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সম্পদের মালিক অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ।

শহরাঞ্চলে সম্পদের কেন্দ্রীভবন আরও বেশি। সেখানে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি।

অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ সীমিত আয় দিয়ে জীবনযাপনের ব্যয় মেটাতে হিমশিম খেলেও অল্পসংখ্যক পরিবারের হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে শুধু ভোগের ওপর নির্ভর করে কর আদায় করলে নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

ভ্যাট আদায়েও বড় ঘাটতি

গবেষণায় বলা হয়েছে, ভোক্তারা পণ্য ও সেবা কেনার সময় ভ্যাট দিলেও তার পুরো অর্থ সরকারি কোষাগারে জমা হয় না। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের যথাযথ নিবন্ধন নেই। কোথাও বিক্রির তথ্য গোপন করা হয়, আবার কোথাও ক্রেতার কাছ থেকে আদায় করা ভ্যাট সরকারের কাছে জমা দেওয়া হয় না। ফলে ভোক্তার কাছ থেকে কর আদায় হলেও সরকার কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না।

র‍্যাপিডের হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে শুধু ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাট থেকে আদায় না হওয়া রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। ওই অর্থবছরে ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। কিন্তু প্রকৃত আদায় হয় মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ। অভ্যন্তরীণ ভ্যাটের ক্ষেত্রে সম্ভাব্য আদায় ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ, বিপরীতে প্রকৃত আদায় হয় ১ দশমিক ৮০ শতাংশ।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল ৭ দশমিক ৩ শতাংশ। নতুন কর আরোপ বা বিদ্যমান করের হার না বাড়িয়েও শুধু কর ফাঁকি বন্ধ, করের আওতা সম্প্রসারণ এবং বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে এই অনুপাত প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

উচ্চ আয়ের মানুষের কাছ থেকে কর আদায়ে জোর

র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ তাদের দেওয়া করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

গবেষণায় উচ্চ আয়ের মানুষের কাছ থেকে আয়কর আদায় বাড়ানো, ভ্যাট সংগ্রহ ব্যবস্থার উন্নতি, করপোরেট করছাড় ও বিশেষ সুবিধা পর্যালোচনা এবং সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের পরিপ্রেক্ষিতে উত্তরাধিকার কর চালুর বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি বন্ধ, কর প্রশাসনের আধুনিকায়ন, দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি ব্যয়ের মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।

গবেষণার তথ্য বলছে, রাজস্ব বাড়াতে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়ানোর প্রয়োজন নেই। বরং উচ্চ আয়ের মানুষের কাছ থেকে ন্যায্য হারে আয়কর আদায়, ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি বন্ধ এবং করব্যবস্থার দুর্বলতা দূর করা গেলে সরকারের আয় বাড়ানোর পাশাপাশি ধনী-গরিবের করবৈষম্যও কমানো সম্ভব।

/জিএম/আরকে/
সম্পর্কিত
এক মাসে রাজস্ব আদায়ে রেকর্ড, সাড়ে ৮ হাজার কোটি
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
সর্বশেষ খবর
গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনের
গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনের
ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, মালয়েশিয়ায় ঝুঁকিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি
ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, মালয়েশিয়ায় ঝুঁকিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি
‘মেসির পর আর্জেন্টিনার স্বপ্ন হতে পারে এই দুই তরুণ’
‘মেসির পর আর্জেন্টিনার স্বপ্ন হতে পারে এই দুই তরুণ’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা