জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা এক বিশেষ আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।
আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে করদাতাদের অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনও সুদ বা জরিমানা আরোপ করা হবে না।
এনবিআরের এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সদস্য, প্রথম সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।