উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা থেকে বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। ফলে এক মাসের ব্যবধানে প্রতি লিটারে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। সেপ্টেম্বরে প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ০৭৭০ মার্কিন ডলার। অক্টোবরের জন্য তা বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে লিটারে দাম বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার।
বুধবার (৭ অক্টোবর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে আগস্ট মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। ফলে আগস্টের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটারে দাম বেড়েছে ২৩ টাকা ১৯ পয়সা।
আগস্টে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৩৫৮ ডলার। অক্টোবরের নতুন দামের তুলনায় দুই মাসে প্রতি লিটারে দাম বেড়েছে ০ দশমিক ১৫২৪ ডলার।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্রকাশিত প্লাটস রেটের গড়, বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে অক্টোবর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে।