কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কার করে। গ্রেফতার এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে তদবির করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফয়সাল কবিরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে (৪৫) নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানার ওসির কক্ষে গিয়ে তদবির করেন বলে অভিযোগ ওঠে ফয়সাল কবির আখন্দের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পরই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিলো ছাত্রদল।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেফতার যুবলীগ নেতাকে আটকের কারণ জানতে এবং তাকে ছেড়ে দেওয়া তদবির নিয়ে এসেছিলেন ছাত্রদল নেতা ফয়সাল। তবে তা সম্ভব নয় বলে আমাদের পক্ষ থেকে জানানোর পর ছাত্রদল নেতা ফয়সাল থানা থেকে বের হয়ে যান। তবে তিনি ওসিকে কোনো হুমকি দেননি।