পদত্যাগ করেছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন। একই সঙ্গে দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজ থেকেই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছি আমি। এখন আর রাজনীতি করবো না।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের শাসনামলে তার ওপর বিভিন্ন সময়ে নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া মাঠের জনসভায় সাজেদা চৌধুরীর উপস্থিতিতে আমাকে মেরে ফেলার জন্য তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেন। তাদের মারপিটে গুরুতর জখম হই। পরে পুলিশের সহায়তায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার বাড়ি, দোকান ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সবচেয়ে বড় দুঃখ ও বেদনাদায়ক বিষয় হলো আমার মা-বাবার কবরও ভেঙে ফেলা হয় তখন। তখন সন্তান হিসেবে আমি এর কোনও প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি। ওই সময় হাসপাতালে থাকা অবস্থায় আমার নামে ১৬টি মামলা দিয়েছিল। আমাকে হাসপাতাল থেকেই গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ওই সময় এক বছর কারাবরণ করেছি।’
দেলোয়ার আরও বলেন, ‘আওয়ামী লীগের সময়কালে উপজেলার আট ইউনিয়নের নেতাকর্মীদের ওপর চালানো হয় নির্যাতন ও নিপীড়ন। এসব বিষয়ে কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। কিন্তু কেন্দ্রীয় কমিটি কোনও পদক্ষেপ নেয়নি কোনোদিন। তবু সব কিছু মেনে দলের রাজনীতি করেছি। এখন আর রাজনীতি করতে চাই না।’ সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মো. দেলোয়ার হোসেনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সৈয়দ আলী আশরাফ। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয়, সাংগঠনিক রীতিনীতির গুরুতর লঙ্ঘন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অরাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখা ও ধৃষ্টতাপূর্ণ এবং গর্হিত কার্যাবলীর সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সংগঠনের ‘গঠনতন্ত্রের ৪৭(১) ও ৪৭(১০)বিধি’ মোতাবেক দেলোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। যা এখন থেকে কার্যকর হবে।