আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। মিছিল থেকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।
এর আগে দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজের পর আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রদত্ত মৃত্যুদণ্ডের রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে মিছিলে বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে এগোলে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ জানান, ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত নয়। এ ধরনের কোনও আলামত পাওয়া যায়নি। তবে মিছিলের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান ও আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। গ্রেফতার অপর জনের তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।









