নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। উভয়পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয়েছে একটি মোটরসাইকেলে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবদল নেতা আরজু ভূঁইয়া ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার মাথায় ইট দিয়ে আঘাত করেন। রাফিন ক্ষিপ্ত হয়ে চলে যান। পরে মুড়াপাড়া এলাকা থেকে দুটি মোটরসাইকেলযোগে বরপা বাসস্ট্যান্ডে এসে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ সময় পুরো এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের দুই পক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে ছাত্রলীগ নেতা রাফিনের লোকজনের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় যুবদল নেতা আরজুর লোকজন। আরজুর লোকজন ছাত্রলীগ নেতা ও তার আত্মীয়-স্বজনের ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাঙচুর করে। এতে বাধা দিতে এলে ইয়ার হোসেনসহ তিন জনকে আহত করা হয়।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।