কর অঞ্চল-২০-এর নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে গ্রেফতার দুই পরীক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন আশরাফুল ইসলাম ও মো. লিখন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ দুই দিনের রিমান্ড শেষে রোববার আসামিদের আদালতে হাজির করেন। এ সময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তবে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন বলে জানান এসআই রফিকুল ইসলাম।
এর আগে শুক্রবার আদালত দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়, গত বৃহস্পতিবার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০-এর নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় শুধু মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের ছবি সংরক্ষণ করা হয়েছিল।
ওই দিন দুপুরে শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় অবস্থিত কর অঞ্চল-২০-এর কার্যালয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র গ্রহণের আগে কাগজপত্র যাচাই-বাছাই চলছিল। এ সময় কর্মকর্তারা দেখতে পান, যোগদানপত্র নিতে আসা আশরাফুল ইসলামের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির মিল নেই। এ ছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গেও তাঁর বর্তমান হাতের লেখার মিল পাওয়া যায়নি।
অন্যদিকে, লিখন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীর পরিবর্তে যোগদানপত্র নিতে আসেন। তবে বিকালে নতুন যোগদান করা প্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় আসল লিখন উপস্থিত হন। পরে তাঁর রোল নম্বরের বিপরীতে মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবির সঙ্গে মিলিয়ে দেখা হলে ছবির সঙ্গে তাঁর চেহারার কোনো মিল পাওয়া যায়নি।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আশরাফুল ইসলাম জানান, গত ৯ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষা ও ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষায় তিনি নিজে অংশ নেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে এ কারণে তিনি যোগদানপত্র জমা দেননি।
লিখনও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, লিখিত ও মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার কর অঞ্চল-২০-এর উপকর কমিশনার নিপু চন্দ্র দে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।