দলীয় বহিষ্কারাদেশের অবসান ঘটেছে মৌলভীবাজার জেলার যুবদলের ১০ নেতার। আবেদন বিবেচনায় নিয়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ পূর্বের পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন ওই ১০ যুবদল নেতা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন—শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ এবং কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগের সাংগঠনিক পদে বহাল করা হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৯ অক্টোবর রাতে কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুকে বহিষ্কার করা হয়। যদিও তিনি মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুর কারণে উপস্থিত হতে পারেননি বলে দাবি করেছিলেন।
২০২৬ সালের ২ এপ্রিল দলীয় নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যের একটি অডিও ফাঁস এবং দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোমান আহমেদকে বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া অন্যদের পূর্বে বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক নির্দেশনা অমান্যের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।