বাড়ছে ওমিক্রনের সংক্রমণ, কমেছে ভারতে যাতায়াত

সেলিম রেজা, বেনাপোল
০৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

ভারতে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধ ব্যবস্থা নিতে নানা কঠোরতায় আবারও কমেছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত। ভারত যেতে সড়ক পথে ভিসার আবেদন করলেও মিলছে আকাশ পথের ভিসা। একদিকে আকাশ পথে বিমান ভাড়া তিন গুণের বেশি আবার এক সপ্তাহের আগে মিলছে না টিকিট। 

একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সেই সঙ্গে ডাবল ডোজ টিকা নেওয়ার পরও একবার ভারতে যেতে দুবার করোনা পরীক্ষা করাতে প্রায় সাড়ে তিন হাজার টাকা খরচ হয়। নেগেটিভ রিপোর্ট নিয়ে এলেও চেকপোস্টে নানাভাবে অর্থ আদায়ে ভোগান্তিতে পড়তে হয়। এমন অভিযোগ পাসপোর্টযাত্রীদের। 

এতে জরুরি প্রয়োজনে সময়মতো যাতায়াত করতে না পেরে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষাখাত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাসপোর্টযাত্রীরা। গত সপ্তাহে দিনে যাত্রী যাতায়াতের পরিমাণ তিন হাজারের কাছাকাছি থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে হাজারের মতো। 

চলতি সপ্তাহের প্রথম পাঁচ দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেছেন পাঁচ হাজার ৬৮৭ জন। এর মধ্যে ভারতে গেছেন দুই হাজার ২৬৭ জন, ভারত থেকে এসেছেন তিন হাজার ৪২০ জন। 

১ জানুয়ারি ভারতে গেছেন ৩৭৫, এসেছেন ৭০৯ জন। ২ জানুয়ারি ভারতে গেছেন ৪৭৮, এসেছেন ৮৬৪ জন। ৩ জানুয়ারি ভারতে গেছেন ৪৯১, এসেছেন ৬১১ জন। ৪ জানুয়ারি ভারতে গেছেন ৪৪২, এসেছেন ৬৩৯ জন ও ৫ জানুয়ারি ভারতে গেছেন ৪৮১, এসেছেন ৫৯৭ জন।

জানা গেছে, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা আর ভ্রমণে স্বাভাবিক সময়ে প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১৮ লাখ পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করতেন। করোনা সংক্রমণ দেখা দিলে ২০২০ সালের ১৩ মার্চ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ভারত। এতে জরুরি প্রয়োজনে ভারতে যেতে না পেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন যাত্রীরা। গত দুই বছরেও পিছু ছাড়েনি করোনা। একেক সময়ে একেকটি নতুন রূপে সংক্রমণ ছড়িয়ে চলছে।

সবশেষ নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে বিশ্বের ১০০টির বেশি দেশে। ইতোমধ্যে ওমিক্রন ছড়িয়েছে ভারত ও বাংলাদেশে। বাংলাদেশে এ পর্যন্ত ১০ জন আক্রান্ত হলেও ভারতে আক্রান্তের সংখ্যা দুই হাজারের বেশি। ওমিক্রনে মারা গেছেন একজন। ভারতের অনেক রাজ্যে বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ। চলাচলও সীমিত করা হয়েছে। 

ভারত-বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রয়োজনে বর্তমান পরিস্থিতির মধ্যে বাণিজ্য ও যাত্রী যাতায়াত চালু রয়েছে। এ অবস্থায় ভারতে সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়ে চলায় যাত্রী যাতায়াত নিরুৎসাহিত করতে দেখা গেছে ভারতীয় দূতাবাসকে। এতে সাধারণ মানুষের ব্যবসা, চিকিৎসা কিংবা শিক্ষাগ্রহণের জন্য ভারত যাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রনের সংক্রমণ বাড়ার কারণে সরকার বাংলাদেশ-ভারত সীমান্ত, বিশেষ করে বেনাপোল স্থলবন্দর বন্ধের কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত ৩ জানুয়ারি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে যে হারে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে, তাতে বেনাপোল স্থলবন্দর বন্ধ করতে হয় কিনা, তা নিয়ে ভাবছি। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। পশ্চিমবঙ্গে ওমিক্রনের সংক্রমণ বা বিস্তারে আমরা খুবই উদ্বিগ্ন।’ 

অন্যদিকে, পশ্চিমবঙ্গে ওমিক্রন মোকাবিলায় বিধিনিষেধ আরোপের ঘোষণায় গত সোমবার সকাল থেকে বাংলাদেশের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। 

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ভারত ফেরত ১২ বছরের বেশি বয়সী যাত্রীদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। মেডিক্যাল ও বিজনেস ভিসা (আমদানি-রফতানি ডকুমেন্ট) ছাড়া কাউকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না সেদেশের ইমিগ্রেশন। ভরত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাদের মধ্যে চার জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। 

স্বাস্থ্য অধিদফতরের উচ্চ মহলের প্রতিনিধিরাও বেনাপোল চেকপোস্ট পরিদর্শন করে স্বাস্থ্যকর্মীদের ভারতফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছেন।

পাসপোর্টযাত্রী আরতি দেবনাথ বলেন, ‘সড়ক পথের আবেদন করলেও মিলেছে আকাশ পথের ভিসা। তিনগুণ বেড়েছে বিমান ভাড়া। এক সপ্তাহের আগে মিলছে না টিকিট। এত টাকা খরচ করে আমাদের ভারতে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় উত্তরণে দেশে চিকিৎসা খাত আরও উন্নত করা দরকার।’

ব্যবসায়ী আইয়ূব হোসেন বলেন, ব্যবসায়িক কাজে মাঝেমধ্যে ভারত যেতে হয়। এখন ভারতীয় ইমিগ্রেশনের কড়াকড়িতে ইচ্ছা মতো যাওয়া যাচ্ছে না। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল কর্মকর্তা শুভঙ্কর কুমার মন্ডল বলেন, ওমিক্রন সংক্রমণ রোধে ভারতফেরত সন্দেহভাজন যাত্রীদের করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। গত ১৫ দিনে ভারতফেরত সন্দেহভাজন ৬৪ জন বাংলাদেশিকে পরীক্ষা করে চার জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের রাখা হয়েছে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনার রেড জোনে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে স্থলপথে যাত্রী সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। গত পাঁচ দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেছেন পাঁচ হাজার ৬৮৭ জন। এর মধ্যে ভারতে গেছেন দুই হাজার ২৬৭ জন ও ভারত থেকে এসেছেন তিন হাজার ৪২০ জন। ওমিক্রন সংক্রমণ রোধে সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
শাহজালালে যাত্রীর সঙ্গে ২ জনের বিধিনিষেধ শুধু ‘কাগজে কলমে’
ঈদে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে