জামায়াত এমপির বাসভবনে হামলা-ভাঙচুর করলো কারা?

যশোর প্রতিনিধি 
২৮ জুলাই ২০২৬, ১৮:৫৮আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৮:৫৯

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমপির বাসভবনের সামনে অবস্থিত ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ ও মসজিদের যাতায়াতের রাস্তা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে এমপির পরিবারের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এমপি এবং তার মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এমপির মেয়ে অনন্যা তালা দিয়ে আঘাত করলে রোকসানা খাতুন নামে স্থানীয় এক নারী অভিভাবক আহত হন। সেইসঙ্গে অন্য এক অভিভাবকের ওপর চড়াও হন। এমপির মেয়ে এর আগে সোমবারও মাদ্রাসার শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান এবং মঙ্গলবার সকালে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেন, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এমপি গোলাম রসুলের বাসভবন যশোর শহরের নীলগঞ্জ এলাকায়। পাশের রাস্তা নিয়ে গোলাম রসুল ও তার মেয়ে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ানোর পর এলাকাবাসী তাদের বাসভবনে হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও এমপি ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ অবস্থায় এমপি ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানানোর পাশাপাশি ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন। তিন ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদ আছে। ওই মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের বিরোধ চলছিল। এমপির মেয়ে অনন্যা গতকাল সোমবার মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখান। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা হয়।

মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তার মেয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় রেক্সোনা নামের স্থানীয় এক নারীর মাথা ফাটিয়ে দেন অনন্যা। তিনি পরে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হয়ে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে সংসদ সদস্য ও তার মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে দেন।

জামায়াত এমপির বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাম প্রকাশ না করার শর্তে দুজন বাসিন্দা জানিয়েছেন, এক শিশুর অভিভাবক রোকসানা খাতুনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন এমপির মেয়ে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে এলাকার লোকজনকে স্থানীয় একটি রাজনৈতিক প্রতিপক্ষ উসকে দেয়। তাদের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তারা। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তিন ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘সোমবার বাড়ির সামনের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সংসদ সদস্যের মেয়ের বিরোধ হয়। ওই বিরোধের সূত্র ধরে আজ আবার এলাকাবাসীর সঙ্গে সংসদ সদস্যের মেয়ের ঝামেলা হয়। এরপর এলাকাবাসী তাদের বিচার দাবিতে ওই বাড়িতে হামলা-ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে আছে। তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। তিন ঘণ্টার চেষ্টায় এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।’

এমন পরিস্থিতিতে সংসদ সদস্য গোলাম রাসুল ফেসবুক লাইভে এসে বলেন, ‘মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। রাস্তাটি আমাদের টাকা দিয়ে কেনা। সেটি সব সময় সচল রাখতে হবে। এটা নিয়ে আমার মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও হুজুরদের কথা কাটাকাটি হয়। উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মর্মাহত। এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।’

আমার মেয়ে মানসিক রোগী দাবি করে এমপি বলেন, ‘ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে মেয়ের চিকিৎসা করানো হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি ভীত, সন্ত্রস্ত। শুনেছি গানপাউডার এনে রেখেছে তারা। যেকোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে। আমি নিরাপত্তা চাই।’

এমপির স্ত্রী শারমিন দিনাও দাবি করেন, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

আল মাদ্রাসাতুশ শারইয়াহর মুহাতামিম কবির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপর বিভিন্ন সময় চড়াও হন। সর্বশেষ সোমবারও মারধর করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুই পক্ষ বসে মীমাংসা করা হয়। মঙ্গলবার সকালে শিশুরা খেলছিল; হঠাৎ এমপি ও তার মেয়ে এসব শিশুদের ওপর চড়াও হন। একপর্যায়ে এমপি সাহেবের মেয়ে তালা ছুড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। তারপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করেন।’

ওসি মাসুম খান বলেন, ‘মূলত এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের ঝামেলা হয়েছে। এখানে এমপির সঙ্গে কারও কোনও বিরোধ নেই। সেই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ লোকজন এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিত দিতে বলেছি আমরা। এরপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, শোক জানালো জামায়াত
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
সর্বশেষ খবর
গ্যাস নিয়ে আরও দুঃসংবাদ
গ্যাস নিয়ে আরও দুঃসংবাদ
বন্যায় শুধু মানুষ নয়, চিকিৎসা পেলো ১৬ জেলার পশু-পাখিও
বন্যায় শুধু মানুষ নয়, চিকিৎসা পেলো ১৬ জেলার পশু-পাখিও
৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, ‘এভাবে লাশ হয়ে ফিরবে কখনও ভাবিনি’
৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, ‘এভাবে লাশ হয়ে ফিরবে কখনও ভাবিনি’
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন
নায়িকা স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে আশিয়ান চেয়ারম্যান নজরুলের জামিন