ঘূর্ণিঝড় রোয়ানু’র তাণ্ডবে কক্সবাজারের কুতুবদিয়ায় ২ জনের মৃত্যু এবং আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এসময় কুতুবদিয়া উপজেলায় মাটির দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইকবাল(২৫) ও নৌকা দুর্ঘটনায় ফজললুর হক(৫৫) মারা যান। শনিবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত টানা প্রচণ্ড ঝড় ও ধমকা হাওয়ায় জেলার শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে ২০ গ্রাম। জেলার বিভিন্ন এলাকায় বাতাসে উপড়ে পড়েছে গাছ-গাছালি। কক্সবাজার জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৬ কিলোমিটার। এ কারণে সাগরে অতিরিক্ত জলোচ্ছ্বাসে ২ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে জেলার বিভিন্ন স্থানে ২০ গ্রাম প্লাবিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় রোয়ানু তাণ্ডবে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, লেমশি খালী, কইয়ারবিল, মহেশখালী উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা, কুতুবজোম, সোনাদিয়া, কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, নুনিয়ারছড়া, টেকনাফ উপজেলার সেন্টমার্টিন, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়। এসব এলাকায় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়।
জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় রোয়ানু’র আগে জেলার ১৫৮টি সাইক্লোন সেন্টারে ১৭ হাজার ৪৩৪টি পরিবারের ৮৭ হাজার ১৭০ জনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। এসব দুর্গত মানুষের জন্য ৩০ বস্তা চিড়া, ৮০ খান গুড়, ৩০ বস্তা মুড়ি, বিস্কুট ও পানিসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা ও কুতুবদিয়ার লেমশি খালী, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের প্রায় ২৮ কিলোমিটার রেড়িবাঁধ ভেঙে গেছে। এসব এলাকায় এখন জোয়ার-ভাটা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
/জেবি/এএইচ/
আরও খবর পড়ুন-








