স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির চারবারের এমপি বললেন, ‘দাসের রাজনীতি করতে চাই না’

বগুড়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ২০:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২০:৫৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেরিনা আফরোজের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের জিয়াউল হক বলেন, ‘দাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই, এজন্য নির্বাচনে অংশ নিচ্ছি। দাসের রাজনীতি করতে চাই না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে দলের সিনিয়র কোনও নেতাই কমফোর্টেবল নন, তারা নেতাকর্মীদের ইচ্ছের বিরুদ্ধে রাজনীতি করছেন। এই দাস প্রথার রাজনীতি থেকে বেরিয়ে আসতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করছি, এই আসনে আমি জয়ী হবো।’ 

দলের সিনিয়র নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বিএনপি আমাকে পদবঞ্চিত করেছে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ভোটে দাঁড়ান। বারবার ভোটে না আসায় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য ভোট করছি। চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছিলাম। অথচ গত কয়েক বছর আমাকে কোনও কমিটিতে রাখা হয়নি, অপমানিত হয়েছি। চাকরিতে থাকলে এখন বড় পদে থাকতাম। সেই সুযোগও হারালাম। যেহেতু রাজনীতি করবো, তাই ভোটের বিকল্প নেই। নির্বাচনে যাওয়া ভুল হলো কি ঠিক হলো, তা ভবিষ্যতে দেখা যাবে। বিএনপির শীর্ষ নেতাদের সবাই নির্বাচন কর‌তে চান। কিন্তু প‌রিস্থি‌তি ভিন্ন হওয়ায় তারা এই কথা বলার সাহস পাচ্ছেন না। আমি সাহস দে‌খি‌য়ে‌ছি, ঝুঁকি নি‌য়ে‌ছি—ইনশাআল্লাহ জয়ী হ‌বো।’

জিয়াউল হক কাহালু উপজেলার দেওগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আজিজুল হক মোল্লা বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বাবার মৃত্যুর পর বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে ১৯৯৪ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও ১৯৯৬ সালের জুন এবং ২০০১ সালে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনপির সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি। এ ব্যাপারে জিয়াউল হক মোল্লা বলেন, ‌‘বাবার মৃত্যুর পর আমাকে জোর করে রাজনীতিতে এনেছে বিএনপি। দল থেকে চারবার সংসদ সদস্য হয়েছি। ২০০৭ সাল পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম। হঠাৎ সংস্কারপন্থীর মিথ্যা অভিযোগে কমিটি থেকে বাদ দেওয়া হলো। এরপর দলের কোনও কমিটিতে রাখা হয়নি। যদিও পরে সংস্কারপন্থী অনেক নেতাকে ফিরিয়ে নেওয়া হয়েছে; তারা দলীয় টিকিটে সংসদ সদস্যও হয়েছেন। কিন্তু আমার বিষয়ে কোনও মূল্যায়ন করা হয়নি। আমার ক্ষোভটা এখানেই। বিএনপি যোগ্যদের মূল্যায়ন করে না। তাই দল ছাড়তে বাধ্য হয়েছি।’

জিয়াউল হকের স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান বলেন, ‘জিয়াউল হক এই সরকারের অধীনে নির্বাচন করলে ভবিষ্যতে দলে ফেরার আর কোনও সুযোগ পাবেন না। তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র হিসেবে চিহ্ন হয়ে থাকবেন। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনও সুযোগ নেই।’

জিয়াউল হক ছাড়াও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল।

সাবেক এই চার নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘অগণতান্ত্রিক ও অনির্বাচিত এই সরকারের পতনের লক্ষ্যে যুগপৎ আন্দোলনে রয়েছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। এই সময়ে নির্বাচনে অংশ নেওয়া ওসব ব্যক্তি বিএনপির কেউ নন। তারা সরকারের সহযোগী হিসেবে জাতির কাছে চিহ্নিত হয়ে থাকবেন। ভবিষ্যতে দলে ফেরার কোনও সুযোগ থাকবে না।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে