রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান চালিয়ে শাহিন (৩৪) নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে আরএমপির বিশেষ টিম। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার শাহিন রাজশাহীর সাধুর মোড় গ্রামের মিজানুরের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে বিশেষ টিম বোয়ালিয়া থানার হাদির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় শাহিনকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ করা মোবাইল ফোনটি তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত দুটি মোবাইল সিম, দুটি জিমেইল হিসাব এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত দুটি অ্যাপ পাওয়া যায়। এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে রাজশাহীর পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার থান্দারপাড়া, খুঁটিপাড়া ও শিবপুরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানের সময় মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ৬ মাস এবং অপর দুই জনকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের পাশাপাশি সমাজ ও যুবসমাজের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।