গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় বক্তব্যের শেষ পর্যায়ে ভুলবশত ‘জয় বাংলা’ বলে সঙ্গে সঙ্গে ‘সরি, সরি’ বললেও সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের মুখে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করেছেন দলের সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘জয় বাংলা’ উচ্চারণ করেছি।
তিনি দাবি করেন, এটি ছিল সম্পূর্ণ মুখ ফসকে বলা একটি অনিচ্ছাকৃত ভুল; এর সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য বা মতাদর্শগত অবস্থানের সম্পর্ক নেই। এ ঘটনার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করে সাদুল্লাপুরবাসী, দলের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জীবনের কোনও সময়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বক্তব্যের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দেন।
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে এনসিপির গাইবান্ধা জেলা কমিটি শফিজল ইসলামকে শোকজ করে। শুক্রবার জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত নোটিশে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, শফিজল ইসলাম ও এস এম খাদেমুল ইসলাম খুদি অতীতে জাসদের যুবজোটের উপজেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শফিজল ইসলাম পেশায় একজন মাংস ব্যবসায়ী এবং তিনি সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের বাসিন্দা।









