চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল (আরএসএইচ)। একইসঙ্গে সারা দেশে আরও চারটি বিশেষায়িত শিশু হাসপাতালও উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এসব হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা জানান, বহুল প্রতীক্ষিত এই হাসপাতালটি চালু হলে রংপুর বিভাগের শিশুদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের পথ সুগম হবে।
রংপুর নগরীতে প্রাথমিকভাবে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটিকে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
হাসপাতালের কার্যক্রম পরিচালনায় ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপ-পরিচালক পদে একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। তিনি শিগগিরই কাজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া হাসপাতালের নার্স নিয়োগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিক্যাল অফিসার পদে জনবল নিয়োগ প্রক্রিয়াও শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের লক্ষে নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
হাসপাতালটি উদ্বোধনের আগে গত ১ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ) আরিফ আহমদ হাসপাতালটির বহির্বিভাগ ও অন্তর্বিভাগ ভবন, প্রবেশপথ, অক্সিজেন প্ল্যান্ট এবং অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
ডিসেম্বর মাসে রংপুরসহ সারা দেশে নির্মিত পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধনের লক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাবপত্র কেনা এবং জনবল নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অন্য চারটি ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় চালু হতে যাচ্ছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী বলেন, আশা করা হচ্ছে, আগামী মাসে প্রধানমন্ত্রী সারা দেশে এই পাঁচটি শিশু হাসপাতালের উদ্বোধন করবেন।
তিনতলা বিশিষ্ট মূল হাসপাতাল ভবনের প্রতিটি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এর পাশাপাশি, চারতলা ভিত্তির ওপর তিনতলা বিশিষ্ট সুপারিনটেনডেন্টের কোয়ার্টারও নির্মাণ করা হয়েছে।
২০০ শয্যাবিশিষ্ট এই শিশু হাসপাতালে শিশুদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা, সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। মূল হাসপাতাল ভবনের প্রথম তলায় থাকবে জরুরি বিভাগ, বহির্বিভাগ, চিকিৎসকদের কক্ষ এবং ল্যাবরেটরি।
দ্বিতীয় তলায় থাকবে অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট; আর তৃতীয় তলায় থাকবে ওয়ার্ড ও কেবিন, যেখানে শিশুরা বিশ্বমানের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাবে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ জানান, হাসপাতালের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র এসে পৌঁছেছে এবং সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপোর (সিএমএসডি) মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, অন্যান্য বিভাগ থেকে অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীদের এই প্রতিষ্ঠানে নিয়োগের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া, বিদ্যমান তিনতলা ভবনটিকে ছয়তলা পর্যন্ত সম্প্রসারণের কাজও শুরু হতে যাচ্ছে।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, আরএসএইচ-এর জন্য একজন নতুন উপ-পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। কিছু চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রস্তুতি চলছে।
আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন রংপুর শিশু হাসপাতাল চালু হলে অত্যন্ত কম খরচে শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান এবং জটিল অস্ত্রোপচার সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।