অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’ সিনেমার পরিচালক গাজী মাহবুব।
সম্প্রতি তিনি পরিচালক সমিতিতে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
পদত্যাগের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন গাজী মাহবুব। কারণগুলো হচ্ছে, সহযোগী সদস্য ফরম প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ৭-এর ঘ অনুচ্ছেদ বারবার লঙ্ঘন করা হচ্ছে। সহযোগী সদস্য পদ প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ৭-এর ঘ, ধারা ৭-এর ১১, ১২, ২২ এবং ধারা ১১-এর গ, ধারা ১৩-এর প অনুচ্ছেদ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
একইভাবে সাধারণ সদস্যপদ প্রদানের ক্ষেত্রেও গঠনতন্ত্রের ধারা ৮-এর খ, ধারা ১১ এর গ, ধারা ১২-এর ঙ এবং ধারা ১৩-এর প অনুচ্ছেদ যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সমিতির যে কোনো অনুষ্ঠান উদযাপন শেষে পরবর্তী কার্যনির্বাহী সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের জন্য গঠনতন্ত্রে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। পারিবারিক মিলনমেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ অন্যান্য অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ কার্যনির্বাহী সভায় উপস্থাপন না করে গড়িমসি ও সময়ক্ষেপণ করেছেন। এতে সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
কার্যনির্বাহী সদস্যের পদ শূন্য হওয়ার পর উক্ত শূন্য পদে কো-অপ্ট করা সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর শপথ পাঠের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ২০-এর চ অনুসরণ করা হয়নি। আবেদনকারীদের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা, উপধারার বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এর ফলে অনেক ভুয়া পরিচালক সদস্যপদ লাভ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
২০২৫-২০২৬ মেয়াদে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলমান মামলা-সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে কার্যনির্বাহী পরিষদের কোনও সভায় বিষয়টি স্পষ্টভাবে অবহিত করা হয়নি। এছাড়াও রিয়াজুল রিজু কর্তৃক আমাকে উকিল নোটিশ জারি করার বিষয়ে আমার পরবর্তী পদক্ষেপ ও করণীয় সম্পর্কে সমিতির পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়নি।
এ নিয়ে পরিচালক গাজী মাহবুব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বারবার এই অনিয়ম নিয়ে কথা বললেও সুরাহা পাইনি। অনিয়ম করে ভোটার বাড়ানো হচ্ছে, যাকে তাকে সদস্য বানিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।’
গাজী মাহবুবের অভিযোগ নিয়ে পরিচালক সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা






