বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৪ আগস্ট (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ভিসা কড়াকড়িতে কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো; ব্রিটেনকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বলে খোঁচা নেতানিয়াহুর; ইরান যুদ্ধে এক-চতুর্থাংশ ‘রিপার ড্রোন’ হারিয়েছে যুক্তরাষ্ট্র; আব্রাহাম লিংকনে মার্কিন সেনা নিহতের খবর ভুয়া: সেন্টকম; মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি জর্জ ওয়াশিংটন; ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক; আমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
সরকারের কঠোর অভিবাসন ও ভিসা নীতির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় তীব্র আর্থিক সংকটে পড়েছে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত। ভিসা নীতিতে কড়াকড়ি, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিপেন্ডেন্ট নেওয়ার সুযোগ সীমিত করা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন লেভি আরোপের প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ে। এ পরিস্থিতিতে একাধিক বিশ্ববিদ্যালয় আর্থিক সংকট, কোর্স বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছে।
ব্রিটেনকে ‘ইসলামিক রিপাবলিক’ বা ইসলামিক প্রজাতন্ত্র বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের মোট ‘রিপার ড্রোন’ বহরের প্রায় ২৫ শতাংশ হারিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে। তবে হারানো সব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়নি বলে জানিয়েছেন সংবাদপত্রটির উদ্ধৃত এক মার্কিন কর্মকর্তা।
হরমুজ প্রণালির আশপাশে অভিযান চালানো মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে সাত মার্কিন নৌসেনা নিহত হওয়ার খবরকে ‘মিথ্যা’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন (সিভিএন-৭২) হরমুজ প্রণালির আশপাশে সামুদ্রিক নিরাপত্তা ও অবরোধ কার্যক্রম পরিচালনা করছে।
মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনে মানসিক স্বাস্থ্য ও সরবরাহসংক্রান্ত সমস্যার খবর সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন নৌবাহিনীর বিবৃতি ও এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ দেশে পরিণত করতে হলে রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচনের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। এ লক্ষ্যে দেশে এক শান্তিপূর্ণ বিপ্লবের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন। একই সাথে দেশের ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে পারে এমন ‘স্বার্থহীন, নির্ভীক ও সৎ চরিত্রের’ মানুষদের নাম প্রস্তাব করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
চলতি বছরের গ্রীষ্মে ইউরোপে যুক্তরাষ্ট্রের এক মিত্র দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহ। বৈঠকটি সাধারণ মনে হলেও বৈঠক শেষে ইউরোপীয় দেশটির কর্মকর্তারা যে অভিজ্ঞতা নিয়ে ফেরেন, তা ছিল বেশ তাৎপর্যপূর্ণ। বৈঠকের পর এক ইউরোপীয় কর্মকর্তা জানান, ‘ইসরায়েলের সঙ্গে আমিরাত পুরোপুরি এক কাতারে দাঁড়িয়েছে। এটি একেবারেই স্পষ্ট যে এই অংশীদারত্বের কোনও সীমা নেই।’

ভিসা কড়াকড়িতে কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো
ব্রিটেনকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বলে খোঁচা নেতানিয়াহুর
ইরান যুদ্ধে এক-চতুর্থাংশ ‘রিপার ড্রোন’ হারিয়েছে যুক্তরাষ্ট্র
আব্রাহাম লিংকনে মার্কিন সেনা নিহতের খবর ভুয়া: সেন্টকম
মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি জর্জ ওয়াশিংটন
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
আমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান







