সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা অঞ্চলের আকাশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রবিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ড্রোন দুটি প্রতিহত ও ধ্বংস করার কথা জানান। তবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে একই দিন সৌদি জোট জানায়, রাজধানী রিয়াদের দিকে ছোড়া হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে পূর্বাঞ্চলে ভূপাতিত ড্রোন দুটি কারা ছুড়েছিল, তা শনাক্ত করেনি জোট। এসব দাবি নিয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।
গত জুলাই থেকে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুথিরা। এসব হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হচ্ছে। বিমানবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা।
সূত্র: আনোদলু এজেন্সি
হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা