ছয় বছর বন্ধ থাকার পর সিকিমের নাথু লা পাস দিয়ে ভারত ও চীনের সীমান্ত বাণিজ্য শনিবার থেকে আবার শুরু হয়েছে। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় বন্ধ হয়ে যাওয়া এই বাণিজ্যপথ পুনরায় চালুর মাধ্যমে দুই দেশ কয়েক বছরের টানাপোড়েনের পর ধীরে ধীরে অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছে। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।
ভারতের সিকিমের সঙ্গে তিব্বতের সংযোগকারী নাথু লা পাস দিয়ে প্রথমবার সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয় ২০০৬ সালে। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর ৪৪ বছর বন্ধ থাকার পর তখন এই পথ খুলে দেওয়া হয়েছিল। পুরোনো সিল্ক রুটের ঐতিহ্যবাহী বাণিজ্য পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে তখন বিষয়টি দেখা হয়েছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর আবারও বাণিজ্য স্থগিত করা হয়।
দুই দেশের সম্মত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, চলতি মৌসুমে মে থেকে নভেম্বর পর্যন্ত বাণিজ্য কার্যক্রম চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাণিজ্য হবে এবং উভয় পক্ষ আগের মতোই অনুমোদিত ৩৬টি পণ্যের তালিকা বহাল রাখবে।
ভারতের রফতানি তালিকায় রয়েছে হস্তশিল্প, হস্ততাঁতের পণ্য, মসলা, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি সরঞ্জাম, পোশাক, বাসনপত্র ও ধর্মীয় সামগ্রীসহ ৩৬টি পণ্য। অন্যদিকে তিব্বত থেকে আমদানি করা হবে উলের পোশাক, জুতা, ইয়াকজাত পণ্য, মাখন, বোরাক্স, ছাগল ও কম্বল।
বাণিজ্যপথ চালুর আগে নাথু লা সমন্বিত চেকপোস্টে মেরামত ও উন্নয়নকাজ করা হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকা এবং প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া অবকাঠামো সংস্কার করা হয়। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। বাণিজ্য কার্যক্রমে সহায়তার জন্য প্রথমবারের মতো নাথু লায় নারী সদস্যদের একটি প্লাটুনও মোতায়েন করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি মৌসুমে এই পথে সর্বোচ্চ ৪০০ জন ব্যবসায়ী বাণিজ্য করতে পারবেন। তবে এখন পর্যন্ত সীমিতসংখ্যক অনুমতিপত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যাচাই শেষে আরও ব্যবসায়ী অনুমোদন পাবেন বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ তাৎক্ষণিকভাবে ভারত-চীনের সামগ্রিক সম্পর্কের চিত্র বদলে না দিলেও সীমান্তে স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের ক্ষেত্রে এটি একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গালিগালাজ সত্ত্বেও মোদির ক্ষমা: ‘আজ আমার মেয়ের নতুন জন্ম হলো’
দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা, সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু







