কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ট্রানজিট ফি এবার নিজস্ব মুদ্রা ‘রিয়াল’-এ নেওয়ার প্রস্তাব করেছে ইরান। শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলের সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া পোস্টে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পোস্টটিতে ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধানকে উদ্ধৃত করে বলা হয়, সংসদীয় এক প্রস্তাবের অধীনে এই ফি এখন থেকে ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে।
বিশ্লেষকরা এই সপ্তাহে আল-জাজিরাকে জানিয়েছিলেন, ইরান ও চীন বিশ্ববাজারে মার্কিন ডলারের আধিপত্য খর্ব করার জন্য সক্রিয়ভাবে বিকল্প পথ খুঁজছে।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরান যখন এই প্রণালিতে অবরোধ আরোপ করে, তখন তারা একটি ‘ডি ফ্যাক্টো টোল বুথ’ ব্যবস্থা চালু করেছিল। সেই সময় বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি হিসেবে চীনা মুদ্রা ‘ইউয়ান’ নেওয়া হচ্ছিল।
চলতি সপ্তাহে লয়েড’স লিস্ট-এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, অবরোধ চলাকালীন কতটি জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট না হলেও, ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এই প্রক্রিয়ায় ফি দিয়েছে।







