ইরানের ওপর মার্কিন অবরোধ লঙ্ঘনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, পালাউ পতাকাবাহী ট্যাংকার সেত্তেবেলোতে হামলার ঘটনায় প্রথমে নিখোঁজ হিসেবে থাকা তিন ভারতীয় নাবিকের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হওয়ার পর তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এক্সে তিনি লিখেছেন, দুঃখজনকভাবে, প্রাথমিকভাবে নিখোঁজ হিসেবে রিপোর্ট করা তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তৃতীয় নাবিকের মরদেহটি কোথায় ছিল তা স্পষ্ট করা হয়নি।
এর আগে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেত্তেবেলো ট্যাংকারটির বিরুদ্ধে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে চলমান অবরোধ লঙ্ঘন করার অভিযোগ তোলে। জাহাজটিকে থামাতে মার্কিন বাহিনী এটির ইঞ্জিন রুমে হামলা চালায়।









