ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করা এবং তা ডিলিট করতে অস্বীকৃতি জানানোয় এক বন্ধুকে হত্যার দায়ে কুয়েতের একটি অপরাধ আদালত এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
মঙ্গলবার পরিকল্পিতভাবে হত্যার দায়ে আদালত এই রায় ঘোষণা করেন। প্রসিকিউশন জানায়, ওই প্রবাসী পূর্বপরিকল্পিতভাবে ছুরি নিয়ে কর্মস্থলের বাইরে অবস্থান নেন এবং ভুক্তভোগী বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার মাথা ও শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি জানান, অতীতে একবার বেড়ানোর সময় বন্ধু তার অনুমতি ছাড়াই স্ত্রীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। আপত্তিকর মন্তব্য আসার পর তিনি ছবিগুলো সরিয়ে নিতে বললেও বন্ধু তা মানেননি, বরং আরও ছবি প্রকাশ করেন। এর ফলে তার ও স্ত্রীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ক্ষিপ্ত হয়ে তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
অভিযোগ স্বীকার করার পর আদালত তাকে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত খুনের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন।
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া