প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লালা। এর তাণ্ডবে পুরো রাজ্যজুড়ে অন্তত ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) পরিস্থিতিকে ‘জীবন বিপন্নকারী’ হিসেবে উল্লেখ করে চরম সতর্কতা জারি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাওয়ারআউটেজ ডট কমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১৪ মিনিটে হাওয়াইয়ে বিদ্যুৎবিহীন গ্রাহকের সংখ্যা ছিল ৪২ হাজার ৮৮৯। এর মধ্যে বিগ আইল্যান্ডে ৩১ হাজার ৭৯২ এবং মাউই কাউন্টিতে ৭ হাজার ২০৩ গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। মাউই কাউন্টির আওতায় মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ রয়েছে।
স্থানীয় সময় দুপুর ২টায় দেওয়া হারিকেন সেন্টারের পূর্বাভাসে বলা হয়, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি (২৫ দশমিক ৪ থেকে ৫১ সেন্টিমিটার) বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সতর্ক বার্তায় হারিকেন সেন্টার জানায়, এই প্রবল বৃষ্টিপাতের ফলে বিশেষ করে পাহাড়ি বা খাড়া ঢালু এলাকায় জীবন বিপন্নকারী বন্যা ও ভূমিধস সৃষ্টি হতে পারে।
ঝড়টি হাওয়াইয়ের ওপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় গ্রাহকদের সম্ভাব্য দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে বলেছে হাওয়াইয়ান ইলেকট্রিক। সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাট রাতভর স্থায়ী হতে পারে।
টেলিভিশন স্টেশন হাওয়াই নিউজ নাওকে হাওয়াইয়ান ইলেকট্রিকের মুখপাত্র ড্যারেন পাই জানান, বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলে গাছ ভেঙে পড়ে একাধিক খুঁটি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৪২ মাইল (৬৭.৬ কিমি) বিস্তৃত পরিবাহী লাইনের ক্ষতি পরিমাপ করে মেরামতের কাজ করছেন কর্মীরা।

একই ফ্লাইট নম্বরে আকাশে দুই উড়োজাহাজ, ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮






