শীত এলেই ত্বকের পাশাপাশি ঠোঁটও হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। অনেকের ঠোঁট ফেটে যায়, চামড়া উঠতে থাকে। বারবার লিপবাম ব্যবহার করেও সব সময় স্বস্তি মেলে না। ঠোঁটের ত্বক মুখের অন্যান্য অংশের তুলনায় বেশি সংবেদনশীল। তাই এর যত্নে ব্যবহার করতে হবে উপযোগী উপাদান। ঘরোয়া কিছু উপায়ে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে পারেন।
অ্যালোভেরা ও মধু
এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ও মধু ঠোঁটের শুষ্কতা কমাতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
দুধ ও গোলাপের পাপড়ি
আধ কাপ দুধে পাঁচ-ছয়টি গোলাপের পাপড়ি সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পাপড়িগুলি ছেঁকে নিয়ে বেটে পেস্ট তৈরি করুন। এবার সেই পেস্ট ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সংবেদনশীল ঠোঁটে ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো।
মধু ও নারকেল তেল
এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। চাইলে অল্প পরিমাণে ঠোঁটে লাগিয়ে রাতভরও রাখা যায়। নারকেল তেল ঠোঁটের শুষ্কতা কমাতে সাহায্য করে।
ঠোঁটের যত্নে আরও কিছু অভ্যাস জরুরি। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো এড়িয়ে চলুন। এতে ঠোঁটের শুষ্কতা আরও বাড়তে পারে। পর্যাপ্ত পানি পান করুন এবং বাইরে বের হলে এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার করুন। ঠোঁট অতিরিক্ত ফেটে গেলে, রক্তপাত হলে বা দীর্ঘদিন জ্বালাপোড়া থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
তবে মনে রাখবেন, নতুন কোনও উপাদান ঠোঁটে ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নিন। জ্বালা বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করুন।