আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার কতটা সুরক্ষিত? 

ব্যারিস্টার নাজিয়া কবির
২৮ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:০০

আদালত কেবল বিরোধ নিষ্পত্তির জায়গা নয়; এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আইনজীবী তাঁর মক্কেলের পক্ষে দাঁড়ান, আইনি অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগকে আইনের কাঠামোর মধ্যে রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেন। তাই আইনজীবীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর নিরাপত্তার প্রশ্ন নয়— এটি সরাসরি বিচারব্যবস্থার স্বাধীনতা, নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ উদ্বেগজনক। কোনো আইনজীবী তাঁর মক্কেলের রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা কোনো মামলায় আইনি সহায়তা দেওয়ার কারণে আক্রমণের শিকার হলে— তা পেশাগত স্বাধীনতার জন্য গুরুতর হুমকি তৈরি করে। একজন আইনজীবী কার পক্ষে আইনি লড়াই করবেন, তা তাঁর পেশাগত দায়িত্ব ও মক্কেলের আইনি অধিকারের বিষয়। মক্কেলের পরিচয় বা অবস্থানের সঙ্গে আইনজীবীকে এক করে দেখা ন্যায়বিচারের মৌলিক ধারণার পরিপন্থী।

জাতিসংঘের ‘Basic Principles on the Role of Lawyers’ বা আইনজীবীদের ভূমিকা-সংক্রান্ত মৌলিক নীতিমালা ১৯৯০ সালে গৃহীত হয়। এটি কোনো আন্তর্জাতিক চুক্তি নয়; তবে আইনজীবীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ মানদণ্ড।

এই নীতিমালার ১৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারকে নিশ্চিত করতে হবে, আইনজীবীরা যেন কোনো ধরনের ভয়ভীতি, বাধা, হয়রানি বা অযাচিত হস্তক্ষেপ ছাড়াই তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। ১৭ নম্বর অনুচ্ছেদে পেশাগত দায়িত্ব পালনের কারণে আইনজীবীর নিরাপত্তা হুমকির মুখে পড়লে— তাঁকে যথাযথ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো, ১৮ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে যে, আইনজীবীরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাঁদের মক্কেল বা মক্কেলের মামলার বিষয়বস্তুর সঙ্গে একীভূত বা অভিন্ন হিসেবে বিবেচিত হবেন না।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের ২০২৪ সালের ৫৬/৩ নম্বর প্রস্তাবেও বিচারক, জুরি, মূল্যায়নকারী এবং আইনজীবীদের স্বাধীনতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবটিতে আইনজীবীদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আইনজীবীদের ওপর হামলার ঘটনা দ্রুত, নিরপেক্ষ ও কার্যকরভাবে তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। অর্থাৎ আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল পেশাগত স্বার্থের বিষয় নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বাংলাদেশের সংবিধানেও এ বিষয়ে সুস্পষ্ট ভিত্তি রয়েছে। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে। আর ৩৩(১) অনুচ্ছেদে গ্রেফতারকৃত ব্যক্তিকে তাঁর পছন্দমতো আইনজীবীর সঙ্গে পরামর্শ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত না করার নিশ্চয়তা রয়েছে, যদিও সংবিধানে এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যতিক্রমও রাখা হয়েছে। এসব অধিকার বাস্তবে কার্যকর করার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য। ফলে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নষ্ট হলে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারও ঝুঁকির মুখে পড়ে।

বাংলাদেশের আইনেও আইনজীবীদের স্বার্থ ও অধিকার রক্ষার দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ১০(ঙ) অনুচ্ছেদে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব হিসেবে তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, সুযোগ-সুবিধা ও স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে। ফলে কোনো আইনজীবী পেশাগত দায়িত্ব পালনের কারণে হামলা বা হয়রানির শিকার হলে— বার কাউন্সিল ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির নৈতিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বিশ্বের বিভিন্ন দেশেও আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও সুরক্ষার জন্য পৃথক আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। ভারতে Advocates Act, 1961 এবং পাকিস্তানে Legal Practitioners and Bar Councils Act, 1973 আইনজীবী ও বার কাউন্সিলের কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ ভিত্তি। যুক্তরাজ্যের Legal Services Act, 2007-এ আইনের শাসন সমুন্নত রাখা, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং স্বাধীন ও কার্যকর আইন পেশা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে নিয়ন্ত্রণব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশগুলোর আইনি কাঠামো এক নয়,তবে এসব উদাহরণ থেকে বোঝা যায়, একটি স্বাধীন ও কার্যকর আইন পেশা বিচারব্যবস্থার সুস্থতার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

প্রশ্ন হলো, আমাদের দেশে আইনজীবীদের ওপর হামলা বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা কেন ঘটছে? এর পেছনে রাজনৈতিক মেরুকরণ, ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা, পেশাগত পরিচয়ের বদলে মক্কেলের রাজনৈতিক বা সামাজিক পরিচয়কে প্রাধান্য দেওয়া, সংঘবদ্ধ সহিংসতা এবং অপরাধের যথাযথ বিচার না হওয়ার মতো একাধিক কারণ কাজ করতে পারে। তবে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে নিরপেক্ষ তদন্ত জরুরি। কোনো আইনজীবীর বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইনে তদন্ত ও বিচার হতে পারে। পেশাগত স্বাধীনতার অর্থ আইনের ঊর্ধ্বে থাকা নয়; বরং আইন ও পেশাগত নীতিমালা মেনে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা।

আইনজীবীদের ওপর হামলার প্রভাবও ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন আইনজীবী যদি আশঙ্কা করেন যে, কোনো বিতর্কিত বা অজনপ্রিয় ব্যক্তির পক্ষে দাঁড়ালে তাঁকে শারীরিকভাবে আক্রমণ করা হতে পারে, তাহলে ভবিষ্যতে তিনি এমন মামলা নিতে নিরুৎসাহিত হতে পারেন। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দরিদ্র, প্রান্তিক ও ক্ষমতাহীন মানুষ, যাঁদের ন্যায়বিচার পাওয়ার জন্য আইনজীবীর সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। বিচারপ্রার্থীর পক্ষে স্বাধীনভাবে আইনি সহায়তা দেওয়ার পরিবেশ না থাকলে আদালতে ন্যায়বিচারের সুযোগও সংকুচিত হয়।

এ অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব কেবল হামলার পর মামলা গ্রহণ বা গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা, আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা, পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁদের ওপর হামলার অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। একইসঙ্গে আইনজীবী সমিতি ও বার কাউন্সিলকে দলীয় বা গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে উঠে— সব আইনজীবীর পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। আইনজীবীদেরও পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।

কোনো আইনজীবীর পেশাগত অসদাচরণ বা অপরাধের অভিযোগ থাকলে— তা যথাযথ আইনি ও পেশাগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। কিন্তু কোনো অভিযোগের অজুহাতে আইন নিজের হাতে তুলে নেওয়া, শারীরিক আক্রমণ বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনজীবীর স্বাধীনতা মানে শুধু একজন পেশাজীবীর স্বাধীনতা নয়; এটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার, বিচার বিভাগের কার্যকরতা এবং রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম শর্ত। আইনজীবীরা যদি ভয়ভীতি ও হামলার আশঙ্কা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন, তাহলে বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থাও দুর্বল হয়ে পড়বে। তাই আইনজীবীদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করাকে রাষ্ট্রের অগ্রাধিকার দিতে হবে। কারণ, আইনজীবীর কণ্ঠ রুদ্ধ হলে ন্যায়বিচারের কণ্ঠও দুর্বল হয়ে পড়ে।

ব্যারিস্টার নাজিয়া কবির: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সেক্রেটারি জেনারেল, আইন ও সালিশ কেন্দ্র

/এপিএইচ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে
তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বশেষ সর্বাধিক